২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল, বার্সার সহজ জয়

স্পেনের লা লিগায় জয় পেয়েছে দুই বড় দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার অ্যাথলেটিকো বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। আর আলমেরিয়ার বিপক্ষে বার্সা জিতেছে ৩-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় জয় পেয়েছে দুই বড় দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার অ্যাথলেটিকো বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। আর আলমেরিয়ার বিপক্ষে বার্সা জিতেছে ৩-১ গোলে। বার্সা এখনো রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে। ৩১ খেলায় বার্সার পয়েন্ট ৮৪। রিয়ালের ৭৬। সামনের সপ্তাহে মুখোমুখি হবে এই দু'দল। বিওবাওয়ের মাঠে রিয়াল নামে পড়ন্ত বিকেলে। মাঠের এক পাশে রোদ উজ্জ্বলতা ছড়িয়েছে, আরেক পাশে পড়েছিল গ্যালারির বিশাল ছায়া। এমন স্বপ্নের মতো সবুজ গালিচায় রিয়াল উপহার দিয়েছে সুন্দর ফুটবল। তাদের সামনে বিওবালকে বড় অসহায় লেগেছে। খেলার ফলাফল ৩-০ হলেও কমপক্ষে ছয়টি গোলের সুযোগ নষ্ট করে রিয়াল। কোচ হোসে মরিনহো 'রিজার্ভ বেঞ্চ'র শক্তিমত্তা পরীক্ষায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন। বিশ্রামে ছিলেন মেসুত ওজিল, জাভি আলোনসো ও ইমানুয়েল আদেবায়োর। চোট থেকে সুস্থ হয়ে দলে ফেরা হিগুয়েন ছিলেন মূল একাদশের একমাত্র খেলোয়াড়, পুরোটা সময় যিনি ছিলেন নিজের ছায়া হয়ে। বাকি সবাই নিজের নামের প্রতি সুবিচার করে খেলেছেন। তবে রিয়াল কোচ সবাইকে অবাক করেছেন পেপেকে মাঝমাঠে খেলিয়ে। রক্ষণভাগের এই খেলোয়াড় তার নতুন জায়গার সঙ্গে মানিয়ে নেন বেশ তাড়াতাড়ি। রিয়ালের তিনটা গোলের দু'টো করেছেন কাকা। দু'টোই পেনাল্টি থেকে। আর শেষ গোলটি ক্রিশ্চিয়ানো রোনালদোর, যাকে হিগুইনের জায়গায় নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। বারবার নিজের জায়গা ছেড়ে উঠে এসে বল 'ক্লিয়ার' করে সমর্থকদের খুবই আনন্দ দিয়েছেন বিলবাও গোলরক্ষক গরকা ইরাইজোজ। তিনিই বিপদ ডেকে আনলেন ১৪ মিনিটে। বক্সের মধ্যে কাকাকে অবৈধভাবে ফেলে দেয়ায় পেনাল্টি পায় রিয়াল। গোল করে তার শোধ নিলেন কাকা নিজেই। ৫৪ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বিওবাওয়ের বক্সে। আবারো পেনাল্টি। আবারো কাকা। ফলাফল একই। ২-০। ৭০ মিনিটে রোনলাদো তার চেনা 'স্টাইলে' গোল করে দলের জয় নিশ্চিত করেন। বল নিয়ে বাঁ-প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর হঠাৎ বল বাম পা থেকে ডান পায়ে নিয়ে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে হাল্কা বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। ন্যু ক্যাম্পে বার্সাকে ভয় পাইয়ে দিয়েছিল অতিথি আলমেরিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর একই দলের বিপক্ষে চলতি মৌসুমের শুরুতে বার্সার ৮-০ গোলের জয়কে তখন অবিশ্বাস্য মনে হচ্ছিল। তবে বলের দখলে বার্সাই ছিল এগিয়ে । কিস্তু প্রয়োজনীয় গোলটি প্রথমে আদায় করে নেয় আলমেরিয়াই। করোনার গোল করে এগিয়ে নেন দলকে। ৫৩ মিনিটে ডেভিড ভিয়াকে বক্সের মধ্যে ফেলে দেন গোলরক্ষক দিয়েগো আলভেস। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি। ৬৪ মিনিটে থিয়াগো নাসিমেন্তো মাথা দিয়ে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দিলে স্বস্তির নিশ্বাস ফেলে বার্সা। আর শেষ মিনিটের ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৩৪ ঘ.