ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের শুরুটা দারুণ করলো বার্সেলোনা।
দলের হয়ে একটি করে গোল করেন ইনিয়েস্তা, দানি আলভেজ, জেরার্ড পিকে, কেইতা ও জাভি।
ন্যু-ক্যাম্পে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারে নি শাখতার দোনেৎস্ক। পাঁচবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা। তবে বার্সার জালে একবার বল জড়ানোর জন্য বাহবা পেতেই পারে ইউক্রেনের দলটি।
প্রথমার্ধে ইনিয়েস্তা ও দানি আলভেজের গোলে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে জেরার্ড পিকের গোলে আবারও এগিয়ে যায়। কর্ণার থেকে গড়িয়ে আসা বলে দৌঁড়ে এসে কিক করেন তিনি। সহজে বলটা ঠেকাতে পারতেন গোলরক্ষক আন্দ্রে ইয়াতোভ। কিন্তু ইউরোস্লাভ রাকতিস্কির পা লেগে তা আশ্রয় নেয় জালে।
৬০ মিনিটের সময় নিজের ভুলটা শোধরালেন রাকতিস্কি। দারিজো স্রানাসের ফ্রি-কিক দিক পাল্টে বার্সার জালে পাঠিয়ে দেন তিনি।
পরের মিনিটেই বার্সার গোল সংখ্যা চারে উন্নীত করেন কেইতা।
৮৬ মিনিটের সময় পুরো মাঠ জুড়ে খেলা দানি আলভেজ অরক্ষিত জাভির কাছে বল পাঠান। জাভির শট শাখতারের জালে জড়ালে ৫-১ গোলের বড় জয় পায় কাতালানরা।
এই জয়ের ফলে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে গেলো বার্সার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৪০ ঘ.
bdnews24