২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির গোলে চেলসির হার

ওয়েন রুনির গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম পর্বের খেলায় চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম পর্বের খেলায় চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মধ্যমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু, ওয়েন রুনির ঝলকে স্মরণীয় করে রাখতে পারেন নি ম্যাচটিকে। রুনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেটা হতে পারে তার অদ্ভুদ আচরণের কারণে অথবা অসাধারণ খেলে ম্যান ইউকে জিতিয়ে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে চলতি সপ্তাহে হ্যাট্র্কি করে দলকে জেতালেও গোল উদযাপনের সময় ক্যামেরার সামনে গিয়ে যা-তা বলার কারণে সমালোচিত হয়েছিলেন। কিন্তু বুধবার ম্যান ইউকে জিতিয়ে আবারও রেড ডেভিলসদের নায়কের আসনে বসলেন গরম মেজাজের এই খেলোয়াড়। অবশ্য খেলাটি স্মরণীয় করে রাখার উপলক্ষ্য পেয়ে গিয়েছিলেন ল্যাম্পার্র্ড। কিন্তু ১৮ মিনিটে রামিরেস, দ্রগবা ও তার সম্মিলিত প্রচেষ্টা নসাৎ করে দেন ম্যান ইউ গোলরক্ষক ফন-ডার-সার। ২৪ মিনিটে চেলসি মাঠ স্ট্যামফোর্ড ব্রিজকে হতভম্ব করে ম্যান ইউকে এগিয়ে নেন ওয়েন রুনি। মাইকেল ক্যারিকের অসাধারণ বল চেলসির বক্সের মধ্যে মধ্যে পেয়ে যান রায়ান গিগস। যেকোনো রক্ষণের জন্যই তিনি বিপদজনক। সহজেই বুঝে ফেলেন বক্সের কোন জায়গাটা খালি আছে। রুনিকে ফাঁকায় দাঁড়াতে দেখে বল ঠেলে দেন তার কাছে। সহজ সুযোগ হেলায় ছাড়ার পাত্র নন রুনি । গোলরক্ষক পিটার চেকের বাঁ পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। প্রথমার্ধের সে গোলই জয় পাইয়ে দেয় ম্যান ইউকে। সমতায় ফেরার আশায় আক্রমণের বন্যা বইয়ে দিলেও কাঙ্খিত গোলটি পায়নি চেলসি। নিজের মাঠে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছানো কঠিন হয়ে গেলো ব্লুজদের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮২৬ ঘ.