২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানকে লজ্জা দিল শালকে

শালকে ০৪ এর বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শালকে ০৪ এর বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিলান। শালকের হয়ে জোড়া গোল করেন এডো। একটি করে গোল করেন জোয়েল মাটিপ ও রাউল গঞ্জালেস। অপর গোলটি হয় আত্মঘাতী। অন্যদিকে ইন্টারের পক্ষে গোল করেন ডেজান স্টানকোভিচ ও ডিয়েগো মিলিতো। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার আগ পর্যন্ত সমানে সমানেই লড়েছিলো ইন্টার। ৬২ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান শিভো দুই হলুদ কার্ডের সুবাদে লালকার্ড দেখে মাঠ ছাড়লে সান সিরোতে ম্যাচের নিয়ন্ত্রন হারায় ইন্টার। শেষ পর্যন্ত ২-৫ গোলে হেরে গেলেও ইন্টারের শুরুটা ছিলো দারুণ। খেলার ২৫ সেকেন্ডেই গোল করে ইন্টারকে এগিয়ে নেন স্টানকোভিচ। শুরুতেই এগিয়ে গেলেও শালকেকে তেমন চাপে ফেলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ১৭ মিনিটের মাথায় একটি আলগা বল থেকে গোল করে খেলায় সমতা ফেরান মাটিপ। ৩৪ মিনিটে আবার এগিয়ে যায় ইন্টার। এবার গোল করেন দলের আক্রমণভাগের খেলোয়াড় মিলিতো। এস্তেবান ক্যাম্বিয়াসোর হেড থেকে বল পেয়ে মিলেতোর নেয়া জোরালো শট ফেরানোর পথ ছিলো না শালকের গোলরক্ষকের। দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পরও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিওনার্দোর শিষ্যরা। ৪০ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান এডো। প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধেও ইন্টারের শুরুটা ছিলো দারুণ। ৫৩ মিনিটের মাথায় রাউল গোল করে শালকেকে প্রথমবারের মতো এগিয়ে নেয়ার আগে দুটি সুযোগ নষ্ট করেন মিলিতো ও স্যামুয়েল ইতো। রাউলের গোলে পিছিয়ে পড়ার পর ৫৭ মিনিটে আন্দ্রেয়া রানোচিয়ার আত্মঘাতী গোলে আরো পিছিয়ে (২-৪) পড়ে ইন্টার। ৬২ মিনিটে শিভো লালকার্ড দেখে মাঠ ছাড়ার পর দুই গোলে পিছিয়ে থাকা ইন্টারের সমতা ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টারের বড় পরাজয় নিশ্চিত করেন এডো। ৫-২ গোলের এ জয়ের ফলে সেমিফাইনালে এক পা দিয়েই রাখলো শালকে। সেমিফাইনালে খেলতে হলে দ্বিতীয় পর্বে ইন্টার মিলানকে অসাধ্য সাধন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৫ ঘ.