ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে টটেনহাম হটস্পারকে উড়িয়ে দিয়ে ৪-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে 'লস ব্লাঙ্কোস'দের বড় জয়ে জোড়া গোল করেন ইমানুয়েল আদেবায়োর। একটি করে গোল করেন এঞ্জেল ডি মারিয়া ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
সান্টিয়াগো বার্নাব্যুতে ১০ জনের টটেনহামকে কোনো সুযোগ দেয়নি রিয়াল। এ জয়ের ফলে ৮ বছর পর প্রথমবার সেমিফাইনালে খেলার স্বপ্ন উজ্জল করে তোলেছে হোসে মারিনহোর শিষ্যরা।
খেলা শুরুর ঠিক আগে আগে একাদশ থেকে প্রত্যাহার করে নেয়া হয় টটেনহামের মধ্যমাঠের খেলোয়াড় অ্যারন লেননের নাম। খেলার ১৫ মিনিটের মাথায় দুই হলুদ কার্ডের সুবাদে লালকার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহামের আক্রমণভাগের খেলোয়াড় পিটার ক্রাউচ। ৭ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। শুরুর ওই ধাক্কা পুরো খেলাতে আর কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ডের দলটি।
অবশ্য এর আগে ৫ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন আদেবায়োর। এ গোলে আদেবায়োরের চেয়ে মেসুত ওজিলের অবদান কোনো অংশ কম নয়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে রীতিমত ত্রাস তৈরি করে টটেনহাম সীমান্তে।
আক্রমণাত্মক ফুটবল খেলে ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। এ গোলটিও আসে আদেবায়োরের পা থেকে। অরক্ষিত আদেবায়োর মার্সেলোর কাছ থেকে বল পেয়ে টটেনহামের জালে বল পাঠিয়ে দিতে কোনো ভুল করেন নি। এ নিয়ে গত দশ ম্যাচে টটেনহামের বিপক্ষে ১০ গোল করলেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়া টটেনহাম গোল পরিশোধ নয় ব্যস্ত ছিলো নিজেদের রক্ষণভাগ সামলাতে। তাতেও অবশ্য কাজ হয়নি। ৭২ মিনিটে গোল করে ব্যবধান আরো বাড়ান ডি মারিয়া।
শেষের দিকে বদলি হিসেবে কাকা, হিগুয়েন ও দিয়ারা নামলে রিয়ালের আক্রমণের গতি আরো বেড়ে যায়। সে সুযোগে খেলার ৮৭ মিনিটে গোল করে টটেনহামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোনালদো।
বার্নাব্যুতে ০-৪ গোলের হারের পর সেমিফাইনালে উঠতে হলে দ্বিতীয় পর্বে নিজেদের মাঠে 'মিরাকল' ঘটাতে হবে টটেনহামকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৫ ঘ.
bdnews24