ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের খেলায় ম্যানচেস্টার সিটি ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে। আর সেরি আ'তে মর্যাদার লড়াইয়ে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হার মেনেছে এএস রোমা।
সেরি আ'র অপর খেলায় এক দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে নাপোলি ও ল্যাৎসিও। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পেয়েছে লিগে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি।
ম্যান সিটির মাঠে স্যান্ডারল্যান্ডকে নিয়ে পরিহাস করেছে স্বাগতিক দল। ম্যান সিটির পক্ষে গোলগুলো করেন অ্যাডাম জনসন, কালোর্স তেভেজ, ডেভিড সিলভা, প্যাট্রিক ভিয়েরা ও ইয়াইয়া তোরে। এর ফলে টানা ৭ খেলায় ষষ্ঠ পরাজয়ের মুখ দেখলো স্যান্ডারল্যান্ড।
চেলসির বিপক্ষে হারা দলটিতে চারটি পরিবর্তন এনে নতুন চেহারার ম্যান সিটিকে মাঠে নামান কোচ রবার্তো মানচিনি। আক্রমণভাগে মারিও বালোত্তেলি ও কালোর্স তেভেজ এবং মধ্যমাঠে জনসন ও সিলভাকে রেখে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছিলেন কোচ।
প্রথমার্ধে জনসন ও তেভেজের গোলে এগিয়ে থাকা ম্যান সিটি দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল দিয়েছে স্যান্ডারল্যান্ডের জালে।
৩১ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে তৃতীয় স্থানে। ৬৬ ও ৫৯ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ম্যান ইউ ও আর্সেনাল।
রোমার মাঠে রোমাকে দুই গোলে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে জুভদের ইউরোপা লিগে খেলার স্বপ্ন অনেকটা রঙ পেয়েছে।
বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দু'দলই আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ে। ধীরে ধীরে মধ্যমাঠের দখল রোমার দখলে চলে গেলেও প্রথমার্ধে প্রয়োজনীয় গোলের দেখা পায় নি তারা।
দ্বিতীয়ার্ধেও রোমার আধিপত্য। কিন্তু ৫৯ মিনিটে তাদের হতভম্ব করে গোল দিয়ে এগিয়ে যায় 'ওল্ড লেডি'রা। অ্যালেকজান্দ্রো মাত্রির সঙ্গে বল আদান প্রদান করে বাঁ প্রান্ত দিয়ে ওপরে উঠে যান ফ্যাবিও গ্রসো। নিখুঁত নিশানায় বল ভাসিয়ে দেন রোমার বক্সে। ১২ গজ দূর থেকে নেয়া ক্রাসিকের দুর্দান্ত ভলি জড়িয়ে যায় রোমার জালে।
৭৪ মিনিটে জুভদের দ্বিতীয় গোলটির যোগানদাতাও ওই গ্রসো। শুয়ে পড়ে রোমা গোলরক্ষকের কাছ থেকে বল কেড়ে বাড়িয়ে দেন মাত্রির কাছে। কাঙ্খিত ঠিকানায় বল পাঠিয়ে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মাত্রি।
৩১ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে রোমা আছে ষষ্ঠ স্থানে। সমানসংখ্যক খেলায় জুভেন্টাসের পয়েন্ট ৪৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭৫৬ ঘ.
bdnews24