২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান ডার্বিতে বিধ্বস্ত ইন্টার, ম্যান ইউয়ের জয়

ইতালির সেরি আ'র সবচেয়ে রোমাঞ্চকর খেলায় এসি মিলানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ'র সবচেয়ে রোমাঞ্চকর খেলায় এসি মিলানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান। আর ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলগুলোর জন্য শনিবার ছিল দুঃস্বপ্নের এক রাত। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া কোনো বড় দলই জয়ের মুখ দেখে নি। ওয়েন রুনির হ্যাট্রিকের সুবাদে ম্যান ইউ ৪-২ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটডেকে। চেলসি ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। আর্সেনাল-ব্ল্যাকবার্ন রোভার্স ও টটেনহ্যাম হটস্পার-উইগান অ্যাথলেটিকের খেলা গোলশূন্য ড্র হয়েছে। অপর দিকে ওয়েস্ট ব্রমউইচের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল। ডার্বিতে ইন্টার মিলানকে হারিয়ে শিরাপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে গেছে এসি মিলান। লিগের সাত খেলা বাকী থাকতে এসির চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৩১ খেলায় এসি মিলানের পয়েন্ট ৬৫। আর সমান খেলায় ইন্টারের পয়েন্ট ৬০। ইন্টার আসলে মাথানত করেছে ২১ বছর বয়সী আলেক্সান্দার পাতোর কাছে। তার জোড়া গোল ও ৯০ মিনিটে অ্যান্তনিয়ো কাসানোর গোলে বড় জয় পেয়েছে এসি মিলান। ১৫৪ তম মিলান ডার্বির খেলার শুরুতেই গোল পেয়ে যায় এসি মিলান। খেলার তখন মাত্র ৪২ সেকেন্ড। গাত্তুসোর রক্ষণ চেরা 'পাস' রবিনহোর পা ঘুরে গিয়ে পড়ে পাতোর কাছে। ৬ গজ দূর থেকে নেয়া পাতোর শটে এগিয়ে যায় মিলান শিবির। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান শিভোর লাল কার্ডে বিশাল ধাক্কা খায় ইন্টার। ৬২ মিনিটে পাতো মাথা দিয়ে ইন্টারের জালে বল জড়ালে এসির জয় নিশ্চিত হয়ে যায়। ৯০ মিনিটে পেনাল্টি থেকে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যান্তনিয়ো কাসানো। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ৪-২ গোলের বড় জয়ে ম্যান ইউয়ের পক্ষে হ্যাট্রিক করেন ওয়েন রুনি। অপর গোলটি হাভিয়ার হার্নান্দেজের। মার্টিন স্কারটেলের গোলে এগিয়ে যাওয়া লিভারপুল শেষ পর্যন্ত ক্রিস বান্টের জোড়া গোলে ২-১ গোলে ওয়েস্ট ব্রমউইচের কাছে পরাজয় স্বীকার করেছে। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। আর স্টোক সিটির বিপক্ষে পিছিয়ে পড়া চেলসিকে বাঁচিয়েছে দিদিয়ের দ্রগবার গোল। ৩১ খেলায় ম্যান ইউ ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩০ খেলায় আর্সেনালের সংগ্রহ ৫৯ পয়েন্ট। চেলসি ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭৪২ ঘ.