ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে জিতেই চলেছে নেদারল্যান্ডস ও স্পেন। ওলন্দাজরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডেভিড ভিয়ার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে স্পেন।
'গ্র"প আই'-এ বর্তমান বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে চেক প্রজাতন্ত্রের খেলা জমে উঠেছিল বেশ ভালোই।
২৫ মিটার দূর থেকে জারোস্লাভ প্লাসিলের শট স্পেন গোলরক্ষক ক্যাসিয়াসকে পরাস্ত করার পর একটি অঘটনের অভাস পাওয়া যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি। প্রথমার্ধে গোল হয় ওই একটিই।
খেলায় অনেকটা সময় চেকরা শুধু এগিয়েই থাকেনি, রীতিমতো চেপে ধরে স্পেনকে। কিন্তু বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে মাঠ কাঁপানো ডেভিড ভিয়া হঠাৎই গা-ঝাড়া দিয়ে উঠলেন। হাভি হার্নান্দেজের বাড়িয়ে দেয়া বলে চেক বক্সের ভেতর থেকে শট নেন ভিয়া। বলটি চেকদের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে আশ্রয় নেয় জালে। খেলার তখন ৬৯ মিনিট।
তিন মিনিট পর পেনাল্টি থেকে স্পেনের জয় নিশ্চিত করেন ভিয়া। এ নিয়ে টানা ১০ খেলায় জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা।
হাঙ্গেরিকে নিয়ে 'গ্র"প ই' এর খেলায় ছেলেখেলা করেছে ২০১০ সালের বিশ্বকাপের রানার-আপ নেদারল্যান্ডস।
৮ মিনিটে প্রথম গোল করেন রাফায়েল ভ্যান ডার ভার্ট। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বাড়ান ইব্রাহিম আফালে।
সোনালী সময় কাটছে ডার্ক কুইটের। গোল করেন এ ম্যাচেও। ৫৪ মিনিটে রবিন ফন পার্সির কাছ থেকে বল পেয়ে গোল দেন তিনি। ৮ মিনিট পর নিজেই গোল করেন ফন পার্সি।
এই জয়ের ফলে হাঙ্গেরির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৩৭ ঘ.
bdnews24