ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলারদের মধ্যে লিওনেল মেসির বার্ষিক আয় সবচেয়ে বেশি। ফ্রান্সের একটি ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।
আয়ের দিক দিয়ে কোচের তালিকায় শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের প্রশিক্ষক হোসে মরিনহো।
আর্জেন্টিনার মেসি বার্সেলোনার হয়ে যে স্পেনের লা লিগা মাতিয়ে আসছেন, এ কথা সবাই জানে। তবে তার বেতন নিয়ে রহস্য এখনো রহস্য হয়েই আছে। ম্যাগাজিনটি জানিয়েছে, চলতি মৌসুমে বেতন ও প্রচার-প্রচারণার অর্থসহ মেসির পকেটে জমা পড়েছে ৩১ মিলিয়ন পাউন্ড।
তার চেয়ে ৩.৫ মিলিয়ন পাউন্ড কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনির বছরে আয় ২০.৭ মিলিয়ন পাউন্ড। তালিকার তৃতীয় স্থানে আছেন তিনি।
হোসে মরিনহোর আয় ১৩.৫ মিলিয়ন পাউন্ড। তার পরেই আছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা, যার বার্ষিক আয় ১০.৫ মিলিয়ন পাউন্ড।
তৃতীয় স্থানে যিনি রয়েছেন তারা নাম শুনলে চমকে উঠতে হবে। ১০.২ মিলিয়ন পাউন্ড নিয়ে রাফায়েল বেনিতেজ আছেন তৃতীয় স্থানে। অথচ তার এখন চাকরিই নেই।
২০১০ সালের ডিসেম্বরে ইন্টার মিলান কর্তৃপক্ষ তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৫ ঘ.
bdnews24