২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের জয়, আর্সেনালের ড্র, এসি মিলানের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। অপর খেলায় আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। অপর খেলায় আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে। সেরি-আ'র খেলায় লিগের শীর্ষ দল এসি মিলান ০-১ গোলে হেরেছে পালের্মোর কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের অপর খেলায় ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে তালিকার পাঁচে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার। অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ম্যান ইউ। লিগে একের পর এক হারে ম্যান ইউ'র শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে হতে বসেছিলো। বোল্টনকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন কোচ অ্যালেক ফার্গুসন। ১০ জনের ম্যান ইউ জিতেছে দিমিতার বারবাতোভের গোলে। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে তিনি গোলটি করেন। ফার্গুসনের স্বস্তি নিঃসন্দেহে আরেকটু বেড়েছে, যখন তিনি শুনছেন আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে। ঐ ড্রটাও সহজে আসেনি। হারতে হারতে ড্র করেছে আর্সেনাল। ৪ মিনিটে স্টিফেন রিড ও ৫৭ মিনিটে পিটার ওদেমওয়েঙ্গির গোলে দুগোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। তাদের জয়ের স্বপ্নে প্রথম আঘাত দেন আন্দ্রে আরশাভিন। খেলার তখন ৭১ মিনিট। ৮ মিনিট পর ওয়েস্ট ব্রমউইচের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে আর্সেনালের পক্ষে সমতা সূচক গোলটি করেন রবিন ফন পার্সি। ৩০ খেলায় ম্যান ইউয়ের সংগ্রহ ৬৩ পয়েন্ট। আর্সেনালের ২৯ খেলায় ৫৮ পয়েন্ট। এসি মিলানের শনির দশা যেন কাটছেই না। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর পরই লিগ তালিকার নিচের দল বারির সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এবার পালের্মোর কাছে ০-১ গোলে হেরেই গেলো তারা। পালের্মোর পক্ষে খেলার ১০ মিনিটের সময় জয় সূচক গোলটি করেন দরিন গোইজান। এসি মিলানের পরাজয়ে সবচেয়ে লাভবান হলো ইন্টার মিলান। রোববার রাতে লেচ্চের বিপক্ষে জয় পেলেই পয়েন্ট ব্যবধান ২ এ নেমে আসবে। ৩০ খেলায় এসি মিলানের পয়েন্ট ৬২। ২৯ খেলায় ইন্টারের সংগ্রহ ৫৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৫৫০ ঘ.