২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ও বার্সার জয়

মাদ্রিদ ডার্বিতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকোকে। আর বার্সেলোনা একই ব্যবধানে জয় তুলে নিয়েছে গেটাফের বিপক্ষে। ফলে শিরোপা দৌঁড়ে রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলো বার্সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ ডার্বিতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকোকে। আর বার্সেলোনা একই ব্যবধানে জয় তুলে নিয়েছে গেটাফের বিপক্ষে। ফলে শিরোপা দৌঁড়ে রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলো বার্সা। ডার্বিতে রিয়াল অ্যাথলেটিকোকে শেষবার হারিয়েছিল ১১ বছর আগে। ৩-১ গোলের সেই জয় স্মৃতির পাতায় এখনো অমলিন। ফুটবলমোদীরা এক রোমাঞ্চকর ফুটবলের অপেক্ষায় ছিলেন শনিবার। কারণ রিয়ালে যেমন ক্রিশ্চিয়ানো রোনালাদো, মেসুত ওজিল, করিম বেনজেমারা আছেন, তেমনি অ্যাথলেটিকোতে আছেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলান, ম্যারাডোনার জামাতা সার্জিও অ্যাগুয়েরা ও থিয়েগোর মতো খেলোয়াড়রা। কিন্তু প্রথমার্ধে দুই গোল তুলে খেলার ফলাফল মোটামুটি নিশ্চিত করে দেয় রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটের সময় সামির খাদিরার দেয়া বল থেকে গোলের সূচনা করেন করিম বেনজেমা। তিনি যেন পণ করেছেন সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দেবেন। নিজেকে রীতিমতো 'গোল মেশিন' এ পরিণত করেছেন এই ফরাসি খেলোয়াড়। চলতি মৌসুমে ৩৮ খেলায় ২১ গোল করেছেন তিনি। সর্বশেষ ৪ খেলায় এটি তার সপ্তম গোল। ২০ মিনিটের সময় সার্জিও অ্যাগুয়েরার শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন ইকার ক্যাসিয়াস। ৩ মিনিট পর আবারও অ্যাথলেটিকোর আক্রমণ। এবার ফোরলানের শট গোল সীমানা থেকে রক্ষা করেন রক্ষণভাগের খেলোয়াড় জাবি অ্যালোনসো। চাপে থেকেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় রিয়াল। মার্সেলোর বাড়িয়ে দেয়া বল ওজিল অ্যাথলেটিকোর বক্সের কোণায় পেয়ে যান। ছোটখাট গড়নের ওজিলের বুদ্ধিদীপ্ত শট গোলরক্ষক দি গিয়ার হাতে লেগেও আশ্রয় নেয় জালে। খেলার ৫৪ মিনিটে থিয়েগো বল ঠেলে দেন অ্যাগুয়েরাকে। রিয়ালের যত দূর্বলতা ওই রক্ষণভাগেই। সেই দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাগুয়েরা ঢুকে যান রিয়ালের বক্সে। সামনে শুধু গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত। অ্যাগুয়েরার তীব্র শট, কিন্তু স্পেনের নাম্বার ১ গোলরক্ষক ক্যাসিয়াস বল ঠেকিয়ে দিয়ে আবারো হলেন দলের রক্ষাকর্তা। ৮৬ মিনিটে অবশ্য অ্যাগুয়েরার সঙ্গে আর পেরে ওঠেন নি ক্যাসিয়াস। অ্যাগুয়েরার ঐ স্বান্ত্বনাসূচক গোল নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে নেমেছিল গেটাফের বিপক্ষে। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে কাতালানরা। ১৭ মিনিটে দানি আলভেসের গোলের পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়ান কিরকিচ। খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে একটি গোল শোধ করে দেয় মানু দে মোরাল। এই জয়ের ফলে ২৯ খেল্য়া বার্সার পয়েন্ট ৭৯। সমান সংখ্যক খেলায় রিয়ালের সংগ্রহ ৭৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৪১১