২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত শক্তিশালী দল: বাংলাদেশ কোচ

অলিম্পিক প্রাক বাছাই মহিলা ফুটবলে ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মানছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক বাছাই মহিলা ফুটবলে ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মানছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানি ছোটন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বৃহষ্পতিবার বিকেলে এক সংবাদ সম্মলনে তিনি বলেন, "ভারত আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তবে আমরা ভালো খেলতে চাই।" প্রাক বাছাই ফুটবলকে সামনে রেখে বাংলাদেশ ১৫ দিনের জন্য অনুশীলন ক্যাম্প করেছে। এ প্রসঙ্গে অধিনায়ক তৃষা চাকমা বলেন, "আরো কিছুদিন অনুশীলন করা সম্ভব হলে ভালো হতো।" এ সম্পর্কে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চুকে জিজ্ঞাসা করা হলে তিনি যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বলেন, "জানুয়ারি ও ফেব্র"য়ারিতে মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিলাম। তাই প্রস্তুতির জন্য বেশি দিন সময় দেয়া সম্ভব হয়নি।" ওই সময় মেয়েদের চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়নি। ভারতীয় দল দুই মাস প্রশিক্ষণ নিয়েছে বলে জানান সে দেশের কোচ শহিদ জব্বার। তিনি বলেন, " জানুয়ারি থেকে আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি। এছাড়া উড়িষ্যার ছেলেদের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সঙ্গে পাঁচটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।" ভারত কোচ পরের পর্বে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "তবে এ ক্ষেত্রে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে উজবেকিন্তান।" বাংলাদেশের বিপক্ষে জেতার আশা করছেন ভারত কোচ। তবে বলেন, দলটি ধীরে ধীরে উন্নতি করছে। অধিনায়ক তাবাবি দেবী বলেন, "মূল একাদশের পাঁচ খেলোয়াড় দলে নেই। এতে দলের শক্তি কিছুটা কমে গেলেও দু'টি খেলাতেই আমরা জিতবো।" উজবেকিস্তান কোচ হান লাজিসলাভ বলেন, "আমাদের লক্ষ্য অলিম্পিকের মূল পর্বে খেলা। তাই সব খেলাতেই জিততে চাই। প্রতিপক্ষ দল দু'টি সম্পর্কে খুব একটা ধারণা নেই বলে স্বীকার করে তিনি বলেন, তবে আমাদের জয়ের পথে তারা বাধা হয়ে দাঁড়াতে পারবে না।" বাংলাদেশ ও ভারত খেলবে শুক্রবার। ২০ মার্চ বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের সঙ্গে। ভারত ও উজবেকিস্তান খেলবে ২২ মার্চ। সব খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়। এ তিনটি দলের মধ্য থেকে একটি দল উঠবে পরের পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৮ ঘ.