ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি খেলায় অলিম্পিক লিঁওকে হারায় তারা ৩-০ গোলে।
প্রথম খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ৪-১ গোলে এগিয়ে থাকার সুবাদে শেষ আটে জায়গা করে নেয় এক ঝাঁক তারকার দল রিয়াল মাদ্রিদ।
রিয়ালের হয়ে গোল করেন মার্সেলো, করিম বেনজেমা ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
এর আগের শেষ ছয়টি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে জুভেন্টাস, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, এসএ রোমা, লিভারপুল ও অলিম্পিক লিঁওর কাছে হেরে বিদায় নেয় রিয়াল।
সেই অলিম্পিক লিঁওকে নিজেদের মাঠে হারিয়ে গতবারের প্রতিশোধ নিল হোসে মরিনহোর দল। একই সঙ্গে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে টানা ২৫ খেলায় জিতলো 'লস ব্লাঙ্কোসরা'রা।
জাপানে ভয়াবহ সুনামিতে জানমালের ক্ষয়ক্ষতির জন্য এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয় খেলা। চোট থেকে সেরে উঠে মাঠে নেমেই ঝলসে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাঁ প্রান্ত দিয়ে মার্সেলোকে উঠে আসতে দেখেই বল ঠেলে দেন তার কাছে। লিঁওর রক্ষণভাগের খেলোয়াড় দেজান লভরেনকে কাটানোর পর সামনে পান গোলরক্ষক হুগো লরিয়াসকে। তার পাশ দিয়ে বল জালে ঠেলে দেন ঝাঁকড়া চুলের ব্রাজিলের এই খেলোয়াড়। তখন খেলা গড়িয়েছে কেবল ১০ মিনিট।
প্রথমার্ধে ঐ এক গোলেই এগিয়েছিল রিয়াল মাদ্রিদ।
সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে স্বাগতিকরা। ছোট ছোটভাবে বল আদান-প্রদানের মাধ্যমে সংঘবদ্ধ আক্রমণ চালাতে থাকে লিঁওর রক্ষণভাগে। ৬৬ মিনিটে দলটির রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান করিম বেনজেমা। নিজের সাবেক সতীর্থ লরিয়াসের দু'পায়ের মাঝখান দিয়ে বল জড়িয়ে দেন জালে। রিয়াল এগিয়ে যায় দুই গোলে। ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড় বেনজেমার এটি ছয় খেলায় অষ্টম গোল।
লিঁওর কফিনে শেষ পেরেকটি ঠোকেন পরিশ্রমী খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া, ৭৬ মিনিটে।
পুরো খেলায় বলে পেছনে দৌঁড়েই সময় কেটেছে লিঁও'র। তবে সুযোগ যে পায়নি, তা নয়। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়রা অনেকটা হাল্কা মেজাজে খেলতে থাকেন। সে সময় সংঘবদ্ধ আক্রমণের পাশাপাশি কর্নার থেকে গোল ব্যবধান কমিয়ে আনার সুযোগ পায় লিঁও। তবে এগুলোকে কাজে লাগাতে না পারায় শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ফ্রান্সের দলটিকে।
নয়বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ইউরোপ সেরা হতে পারবে কিনা, সময়ই তা বলে দেবে। তবে শিরোপা তাদের হাতে উঠলে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ইউরোপ সেরা করার গৌরব অর্জন করবেন কোচ হোসে মরিনহো।
২০০৪ সালে এফসি পোর্তো এবং ২০১০ সালে ইন্টার মিলান তার হাত ধরেই ইউরোপ সেরা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/১৪৪৬ ঘ.
bdnews24