ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল লিগে বুধবার প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।
কক্সবাজার স্টেডিয়ামে বাংলাদেশ লিগের প্রথম পর্বের শেষ খেলায় সমানে সমানে লড়েও হেরে গেছে চট্ট্রগ্রাম মোহামেডান। রক্ষণভাগের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে আরামবাগ।
খেলার ১৪ মিনিটে ইসমাইল আরামবাগের পক্ষে জয়সূচক গোলটি করেন। এর পরেই চট্টগ্রাম মোহামেডান খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণে আক্রমণে নাজেহাল করে তোলে আরামবাগ রক্ষণভাগকে। কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় পারেনি একটি গোল আদায় করতে।
এ জয়ের ফলে আরামবাগের সংগ্রহ ১১ খেলায় ১৩ পয়েন্ট। তাদের অবস্থান এখন অষ্টম। সমান খেলায় চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ১০ পয়েন্ট। তারা নবম স্থানে। ২৮ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শীর্ষে।
বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব ৭ এপ্রিল শুরু হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০৯ ঘ.
bdnews24