২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগার হ্যাট্রিকে মুক্তিযোদ্ধার বড় জয়

জেমস মগার হ্যাট্রিকের সুবাদে বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৫-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস মগার হ্যাট্রিকের সুবাদে বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৫-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। এ খেলায় জিতে ১১ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল মুক্তিযোদ্ধা। সমান খেলায় ২৬ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী নেমে গেল দ্বিতীয় স্থানে। রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার খেলার শুরু থেকেই মুক্তিযোদ্ধা চেপে ধরে রহমতগঞ্জকে। ১২ মিনিটে মুক্তিযোদ্ধার বিদেশি খেলোয়াড় মগার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। দলের আরেক বিদেশি খেলোয়াড় বুকোলা ওলালেকানে আড়াআড়িভাবে উড়িয়ে বল ফেলেন রহমতগঞ্জের বক্সে। মগা মাথা দিয়ে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। ১৬ মিনিটে ব্যবধান বাড়ান মগা। মাঝমাঠ থেকে বল নিয়ে রহমতগঞ্জের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর রক্ষণভাগের দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে। ৫৮ মিনিটে রহমতগঞ্জের বক্সের সামনে বল পেয়ে রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে আলতো শটে গোল করেন মিঠুন চৌধুরী। চার মিনিট পর মারুফ আহমেদ মুক্তিযোদ্ধার পক্ষে চতুর্থ গোল করেন। মিঠুন চৌধুরীর কর্নার কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে তীব্র শট নেন মারুফ। তাকিয়ে দেখা ছাড়া করার কিছুই ছিল না রহমতগঞ্জের গোলরক্ষকের। দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে পাশবন মোল্লা রহমতগঞ্জের পক্ষে একটি গোল শোধ করেন। বক্সের সামনে থেকে হঠাৎ শট নেন তিনি। গোলরক্ষক বিপ্লবের কিছু বুঝে ওঠার আগেই বল পৌঁছে যায় কাক্সিক্ষত ঠিকানায়। ৮৯ মিনিটে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মগা। এই হারের ফলে ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে পঞ্চম স্থানে। শেখ জামালের কাছে ব্রাদার্সের হার একই মাঠে দিনের অন্য খেলায় জাহিদ হোসেনের জোড়া গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেখ জামালকে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। খেলার ৩৪ মিনিটে ব্রাদার্সের বিদেশি খেলোয়াড় ড্যানিলো রাফায়েলের গোলে এগিয়ে যায় দলটি। এক গোলে পিছিয়ে পড়ার পর শেখ জামাল দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার জন্য। ৫০ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় জাহিদ হোসেন খেলায় সমতা ফেরান। খেলার ৯০ মিনিটে শেখ জামালের পক্ষে জয়সূচক গোলটি করেন ওই জাহিদ হোসেনই। শেখ জামাল ১১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান খেলায় ব্রাদার্সের সংগ্রহ ১৩। দলটি আছে তালিকার ছয় নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৮ ঘ.