২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জ ও ফেনী সকারের পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ লিগে সোমবার ফরাশগঞ্জ ও ফেনী সকার ক্লাবের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে সোমবার ফরাশগঞ্জ ও ফেনী সকার ক্লাবের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অথচ ৩৬ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে গিয়েছিল ফেনীর দলটি। তারপরও তারা তা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ২ গোল শোধ করে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় ফরাশগঞ্জ। রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১৪ মিনিটেই এগিয়ে যায় সকার ক্লাব। সুজন চৌধুরীর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে প্রচণ্ড শট নেন পলাশ মজুমদার। বল আশ্রয় নেয় ফরাশগঞ্জের জালে। প্রথমার্ধেই ব্যাবধান বাড়ায় সকার ক্লাব। ৩৬ মিনিটে মাসুদুল আল বুলবুল অনেকটা একক প্রচেষ্টায় গোলটি করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ফরাশগঞ্জের বক্সে ঢুকে তীব্র শটে গোল দেন তিনি। দুই মিনিট পর একটি গোল শোধ করে ফরাশগঞ্জ। পেনাল্টি থেকে গোলটি করেন খোকন দাস। ফরাশগঞ্জের মাঝমাঠের খেলোয়াড় জাকির হোসেনকে সকার ক্লাবের রক্ষণভাগের এক খেলোয়াড় বক্সের ভেতরে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। দ্বিতীয়ার্ধে ফরাশগঞ্জের রক্ষণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় আমাদি মোজেস খেলায় সমতা ফিরিয়ে আনেন। খোকন দাসের ফ্রি-কিক থেকে বল পেয়ে মাথা দিয়ে তা পাঠিয়ে দেন সকার ক্লাবের জালে। ফরাশগঞ্জ ১১ খেলায় ৯ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। সমান খেলায় মাত্র ৬ পয়েন্ট নিয়ে সকার ক্লাব আছে ১১ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০২৯ ঘ.