ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা আবাহনী ১-০ গোলে জিতেছে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার বাংলাদেশ লিগে আবাহনীর আক্রমণভাগের ঘানার খেলোয়াড় ফ্রাঙ্ক খেলার ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে প্রচণ্ড শট নেন। বল আশ্রয় নেয় মোহামেডানের জালে।
এই খেলায় জিতে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে গেল আবাহনী। ১১ খেলায় দলটির পয়েন্ট ২৬। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আর মোহমেডানের পয়েন্ট ১১ খেলায় ১৩।
খেলার ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো আবাহনী। মোহামেডানের বক্সে ঢুকে শট নেন ফ্রাঙ্ক। কিন্তু গোল করতে পারেননি তিনি।
দু'মিনিট পর পাল্টা আক্রমণ চালায় মোহামেডান। দলের আক্রমণভাগের রুয়ান্ডার খেলোয়াড় ইসমাইল বল ঠেলে দেন আনোয়ারের কাছে। আনোয়ারের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
এরপর আবাহনীকে চেপে ধরে মোহামেডান। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।
খেলার ২২ মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল মোহামেডান। দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় এমেকার শট আবাহনীর রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নেন আনোয়ার। কিন্তু পোস্টে লেগে বল চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এমেকা।
শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় দলটিকে। লিগে এটি তাদের ষষ্ঠ হার।
এদিকে আবাহনীর ইরানী কোচ আলী আকাবর সোমবার ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। খেলা শেষে তিনি বলেন, "ইরানে আমার নতুন চাকরি হয়েছে।"
আলী আকাবর গত ডিসেম্বরে আবহনীতে যোগ দেন।
শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী
কক্সবাজার স্টেডিয়ামে দিনের অপর খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
খেলার ৫৭ মিনিটে মাসুদের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৮৪ মিনিটে শেখ রাসেলের পক্ষে গোল শোধ করেন দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় চার্লস।
১১ খেলায় শেখ রাসেলের পয়েন্ট ১৯। আর চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৪। এ পর্যন্ত একটি খেলাতেও যেতেনি চট্টগ্রামের দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৯ ঘ.
bdnews24