ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথুন চৌধুরী ও জেমস মগার জোড়া গোলে বাংলাদেশ লিগে শনিবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ৬-০ গোলের হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।
এ জয়ের ফলে ১০ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে টপকে আবারও শীর্ষে উঠে গেল মুক্তিযোদ্ধা। সমান খেলায় ঢাকা আবাহনীর পয়েন্ট ২৩। চট্টগ্রাম মোহামেডান ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে উঠে মুক্তিযোদ্ধা।
খেলার ৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মুক্তিযোদ্ধা। মিথুন চৌধুরীর বাড়ানো বল থেকে সুদানের আক্রমণ ভাগের খেলোয়াড় জেমস মগা ঝাঁপিয়ে পড়ে মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন।
৬২ মিনিটে জেমস মগাই ব্যবধান দ্বিগুন করেন। ডি-বক্সের ভেতরে চট্টগ্রাম মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিয়ে অনেকটা একক প্রচেষ্টায় গোলটি করেন তিনি।
৬ মিনিট পর নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলা ওলালেকান মুক্তিযোদ্ধাকে আরও এগিয়ে দেন (৩-০)। মতিউর মুন্নার বাড়ানো বল থেকে বুকোলা দুর্দান্ত শটে চট্টগ্রাম মোহামেডানের জালে বলটি জড়ান।
৭৯ মিনিটে আলমগীর কবির রানা মুক্তিযোদ্ধার পক্ষে চতুর্থ গোলটি করেন। ফিরোজ মাহমুদ টিটুর লম্বা ক্রস থেকে রানা জোরাল শটে গোল করেন।
পঞ্চম গোলটি করেন মিথুন চৌধুরী। ৯০ মিনিটে রাজনের বাড়ানো বল ধরে তিনি একাই বলটি টেনে নিয়ে চট্টগ্রাম মোহামেডানের রক্ষণভাগে ঢুকে আড়াআড়ি শটে বল জালে জড়ান।
অতিরিক্ত সময়ে (৯০ ) চট্টগ্রাম মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই মিথুন চৌধুরী। বুকোলার বাড়ানো বল থেকে চট্টগ্রাম মোহামেডানের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে তীব্র শটে গোলটি করেন।
লিগে মিথুনের এটি একাদশ গোল।
খেলায় অবশ্য প্রথমেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো চট্টগ্রাম মোহামেডান। লাইবেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় জেরি মুক্তিযোদ্ধার গোল রক্ষক বিপ্লবকে একা পেয়েও গোল করতে পারেননি।
৪০ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম মোহামেডান। ফরহাদের বাড়ানো বল থেকে জেরির শট পুশ বারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে গিয়ে এসব সুযোগ হাতছাড়া করার মাশুল দিতে হয় চট্টগ্রামের দলটিকে। হাফডজন গোল হজম করে মাঠ ছাড়ে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯০০ ঘ.
bdnews24