ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে সোমবার শেষ ষোলোর লড়াইয়ে হেরেছে ইংল্যান্ডের দুই দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।
লিভারপুল ১-০ গোলে হেরেছে পর্তুগালের দল ব্রাগার কাছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে অ্যান্দ্রে শেভোচেঙ্কোর দল ডায়নামো কিয়েভ।
চ্যাম্পিয়ন্স লিগের ছায়া হয়ে থাকায় ইউরোপা লিগ ততোটা জনপ্রিয় নয়। কিন্তু এবার লিভারপুল ও ম্যান সিটি অংশ নেয়ায় ফুটবলামোদীদের কাছে প্রতিযোগিতাটি নিয়ে আগ্রহের মাত্রা বেড়ে যায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর লিভারপুল ব্রাগার মাঠে কি করে, তা নিয়ে আগ্রহ ছিল সবার।
ইতিহাস বলছে ব্রাগার মাঠে খেলতে গিয়ে শেষ তিন অতিথি দল পোর্টসমাউথ, সেলটিক এফসি ও আর্সেনালকে হার মানতে হয়েছে। এবার ওই তালিকায় যোগ হলো লিভারপুলের নাম।
আক্ষরিক অর্থেই ব্রাগার বিপক্ষে লিভারপুলকে খুঁজে পাওয়া যায়নি। খেলার একমাত্র গোলটি হয় ১৮ মিনিটে। সোরিরাস কারজিকোস বক্সের মধ্যে মাটিতে ফেলে দেন ব্রাগার আক্রমণভাগের খেলোয়াড় মসোরোকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। গোল করতে ভুল করেননি অ্যালান।
ফিরতি খেলা ১৭ মার্চ লিভারপুলের মাঠে।
এলোমেলো ফুটবল খেলেছে ইংল্যান্ডের আরেক দল ম্যানচেস্টার সিটি। ডেভিড সিলভা, মারিও বালোত্তেলি, ইয়োইয়ো তোরে, গ্যারিথ ব্যারি ও কার্লোস তেভেজে মতো তারকারা আছেন দলে। আর ইউক্রেনের দল ডায়নামো কিয়েভের একমাত্র মধ্যমণি 'বুড়ো' শেভচেঙ্কো। সেই শেভচেঙ্কোই গড়ে দিলেন পার্থক্য। আন্দ্রে ইয়ারমোলেকেঙ্কা উড়িয়ে বল ফেলেন ম্যান সিটির বক্সে। নিয়ন্ত্রণে নিয়েই অ্যালেক্সান্দার কোলারভ উঁচু দিয়ে বল ঠেলে দেনে শেভোর কাছে। মাটিতে পড়তে না পড়তেই শেভোর তীব্র শট। গোলরক্ষক জোয়ে হার্টের কিছু বুঝে ওঠার আগে বল আশ্রয় নেয় জালে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ম্যান সিটি কোচ মানচিনি মাঠে নামান তার তুরুপের তাস কার্লোস তেভেজকে। কাজ হয়নি উল্টো খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে আরো এক গোল হজম করতে হয় ম্যান সিটিকে।
ইয়ারমোলেঙ্কোসের বাড়িয়ে দেয়া বল বুক দিয়ে নিজের নিয়ন্ত্রণে নেন গুসেভ ভলি। তারপর দুর্দান্ত ভলি। বল জড়িয়ে যায় ম্যান সিটির জালে।
ফিরতি খেলা ১৭ মার্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/১৪২৭
bdnews24