২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডের জোড়া গোলে ব্ল্যাকপুলের হার

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলের ওপর ভর করে সোমবার ব্ল্যাকপুল এফসিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলের ওপর ভর করে সোমবার ব্ল্যাকপুল এফসিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্পেনের লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জিতে রেলিগেশন অঞ্চল থেকে বের হয়ে এসেছে দোপোর্তিভো লা করুনা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা এবার ধরে রাখতে পারছে না চেলসি, এটা মোটামোটি নিশ্চিত। শীর্ষ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল তাদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে। লিগের বাকি ৯ খেলায় আর্সেনাল ও ম্যান ইউ যদি কমপক্ষে তিন খেলায় হারে। আর 'ব্লুজ'রা সব খেলায় জেতে। তাহলেই কেবল শিরোপা ধরে রাখা সম্ভব হবে দলটির । আগেরদিন রোববার টটেনহাম হটস্পার ৩-৩ গোলে উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করায় শীর্ষ চারে জায়গা করে নেয়ার পথ সহজ হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। প্রয়োজন ছিল ব্ল্যাকপুলকে হারানো। সেই কাজটা অবলীলায় করেছে তারা। প্রথমাধের্র ২০ মিনিটে অধিনায়ক জন টেরি মাথা দিয়ে গোল করে এগিয়ে নেন চেলসিকে। ব্ল্যাকপুল শুরুতে পুরোপুরি এলোমেলো ফুটবল খেলে। কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের গুছিয়ে নেয়। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে একের পর এক আক্রমণ চালিয়ে কাঁপিয়ে দেয় চেলসির রক্ষণভাগ। একবার তো গোলের দেখা পেয়েই গিয়েছিল ব্ল্যাকপুল। দুর্ভাগ্য তাদের, অ্যান্ডি রিডের শট চেলসি গোলরক্ষক পিতার চেকের হাত হয়ে বারে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধের শেষ ১৫ মিনিটের সেই ছন্দ দ্বিতীয়ার্ধে আর খুঁজে পায়নি ব্ল্যাকপুল। তাই নিজেদের মাঠে হজম করতে হয় আরো দু'গোল। প্রথমটি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড করেন ৬৩ মিনিটে, পেনাল্টি থেকে। দ্বিতীয় করেন তিন মিনিট পর। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে অবশ্য একটি গোল হজম করতে হয় চেলসিকে। বিটাইয়ের ঠেলে দেয়া বল চেলসির জালে জড়িয়ে দেন পানচেওন। ২৮ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে চেলসি আছে এখন তালিকার চার নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। ৬০ ও ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষ ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৪৪ ঘ.