২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত লড়ে যাবো: রুবচিচ

কুয়েত অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলায় যে কোনো দল জিততে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ রবার্ট রুবচিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েত অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলায় যে কোনো দল জিততে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ রবার্ট রুবচিচ। রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, "প্রত্যাশিত একটা ফলাফলের জন্যই আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো। তাই যে কোনো দল জিততে পারে।" তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নৈপুণ্য নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে কোচের। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণে কিছুটা ঘাটতি রয়েছে। আর এই সুযোগটাই নেবে প্রতিপক্ষ।" দলের প্রস্তুতি সম্পর্কে রুবচিচ বলেন, "মাত্র দু'দিন প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছি।" একে একটা সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, "এর আগে কুয়েতে খেলতে গিয়েছিলাম মাত্র আটদিনের প্রস্তুতি নিয়ে।" "তারপরও খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। আমার বিশ্বাস খেলাটি ভালোই জমবে,"বলেন বাংলাদেশ কোচ। চোটের কারণে বাংলাদেশ দলের আক্রমণভাগের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ মাঠে নামতে পারছেন না বলে জানান রুবচিচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মার্চ বিকেল ৫ টায় খেলা শুরু হবে। এর আগে কুয়েতে প্রথম খেলায় বাংলাদেশ ২-০ গোলে হার মানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪২ ঘ.