২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটি, বার্সা ও মিলানের জয়

ইউরোপের ফুটবল লিগগুলোতে শনিবারের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এসি মিলান। কিন্তু ড্র করে শিরোপা দৌড়ে আবারও পিছিয়ে গেল আর্সেনাল। আর হার জুটেছে বায়ার্ন মিউনিখ ও শালকে ০৪ এর কপালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপের ফুটবল লিগগুলোতে শনিবারের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এসি মিলান। কিন্তু ড্র করে শিরোপা দৌড়ে আবারও পিছিয়ে গেল আর্সেনাল। আর হার জুটেছে বায়ার্ন মিউনিখ ও শালকে ০৪ এর কপালে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি ১-০ গোলে হারায় উইগান অ্যাথলেটিককে। আর গানাররা গোলশূন্য ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। স্প্যানিশ লা লিগায় 'মেসির বার্সা' ১-০ গোলে হারায় জারাগোজাকে। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া ২-১ গোলের জয় পায় মালোর্কার বিপক্ষে। প্রায় আড়াই বছর পর গোল পেলেন গ্রানেরা গাত্তুসো। আর তার গোলেই ইতালির সেরি আতে জুভেন্টাস সেতু পার হয়েছে এসি মিলান। বুন্দেসলিগায় টানা তৃতীয় হারের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ৩-১ হেরেছে হ্যানোভারের কাছে। ফলে চাকরি হারাতে পারেন কোচ লুইস ফন গাল। রাউল গঞ্জালেসের শালকে ০৪ স্টুটগার্ডের কাছে হেরেছে ১-০ গোলে। 'ইপিএল' এ উইগানের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি এসেছে খেলার ৩৮ মিনিটে। ডেভিড সিলভা গোলটি করেন। ২৯ খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে ম্যান সিটি রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ম্যান ইউকে ছোঁয়ার স্বপ্ন আবার নষ্ট করলো আর্সেনাল। শেষ খেলায় ম্যান ইউ ১-২ গোলে হেরেছে চেলসির কাছে। সান্ডারল্যান্ডকে হারাতে পারলেই এক পয়েন্ট পেছনে থেকে ম্যান ইউয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারতো তারা। কিন্তু কিসের কি! ৬০ হাজারেরও বেশি সমর্থকপুষ্ট নিজের মাঠে দুর্বল সান্ডারল্যান্ডের সঙ্গে হলো ড্র। চেষ্টার ত্র"টি অবশ্য করেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। কিন্তু সান্ডারল্যান্ড গোলরক্ষক সাইমন মিগনোলেট যেন পণ করেছিলেন গোল খাবেন না। একের পর এক আর্সেনাল আক্রমণ প্রতিহত করে ছিনিয়ে নিয়েছেন এক পয়েন্ট। আর আর্সেনালকে উপহার দিয়েছেন দুঃস্বপ্নের এক রাত। শীর্ষে থাকা ম্যান ইউয়ের সংগ্রহ ২৮ খেলায় ৬০ পয়েন্ট। আর্সেনালের ৫৭। স্প্যানিশ লা লিগায় কেইতার গোলে জারাগোজার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ছিল বার্সা। সেই গোলেই জয় এসেছে কাতালানদের। বার্সার জয় মানেই মেসির গোল অথবা মেসির 'অ্যাসিস্ট' করা গোল। মেসির দেয়া বল থেকেই খেলার ৪৩ মিনিটে গোলটি করেন কেইতা। চলতি মৌসুমে ৪০ গোল পাওয়া মেসি গোলের যোগান দিয়েছেন ২১ বার। ২৭ খেলায় ৭৪ পয়েন্ট নিয়ে বার্সা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ২৬ খেলায় ৬৪ পয়েন্ট পাওয়া রিয়ালের স্থান দ্বিতীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৩২৬ ঘ.