২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের বাইরে রোনালদো

মালাগার বিপক্ষে বৃহস্পতিবার দুর্দান্ত হ্যাট্রিক পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো উঁরুর চোটের কারণে ১০ থেকে ১৬ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। ফলে ১৬ মার্চ অলিম্পিক লিঁওয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে তাকে ছাড়াই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালাগার বিপক্ষে বৃহস্পতিবার দুর্দান্ত হ্যাট্রিক পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো উঁরুর চোটের কারণে ১০ থেকে ১৬ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। ফলে ১৬ মার্চ অলিম্পিক লিঁওয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে তাকে ছাড়াই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বলার অপেক্ষা থাকে না, সামনের রোববার রেসিং সান্তাদারের বিপক্ষে স্প্যানিশ লিগের খেলাটিতেও রিয়ালের জার্সি গায়ে দেখা যাবে না তাকে। টানা চার খেলায় গোল না পাওয়া রোনালদো বৃহস্পতিবার গুণে গুণে মালাগার জালে তিনবার বল জড়িয়েছেন। রিয়াল জিতেছে ৭-০ গোলে। কিন্তু তৃতীয় গোলটি করার পর পরই চোট পাওয়া পর্তুগীজ তারকা সাজঘরের দিকে ইঙ্গিত করে বদলি খেলোয়াড় নামানোর আবেদন জানান। ইতোমধ্যে তিনজন বদলি খেলোয়াড় নামিয়ে ফেলার কারণে রোনালদোর জায়গায় অন্য কাউকে মাঠে নামানোর সুযোগ ছিল না কোচ হোসে মরিনহোর কাছে। কিন্তু কোন ধরনের ঝুঁকি না নিয়ে খোঁড়াতে থাকা রোনালদোকে মাঠের বাইরে নিয়ে আসেন তিনি, আর পাঠিয়ে দেন সোজা চিকিৎসকের ছুঁরির নিচে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'তৃতীয় গোলটি করার সময় উরুতে চোট পাই আমি। সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে। তাই কোন ঝুঁকি না নিয়েই মাঠ ত্যাগ করেছি। ' রোনালদোর কারণে শেষ ১৩ মিনিট ১০ জন নিয়ে খেলে রিয়াল। বিষয়টি জানা ছিল তারও, 'আমি জানতাম খেলাটিতে জয়ী দলের নাম রিয়াল মাদ্রিদই হবে। তাই মাঠ ছাড়তে দ্বিধা করিনি। কিন্তু, সব কথার শেষ কথা হলো রোববার মাঠে নামা হচ্ছে না আমার।' চলতি মৌসুমে ফুটবল জীবনের সেরা সময় পার করছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড় রোনালদো। ৩৭ গোল করেছেন ইতোমধ্যে। এর মধ্যে লা লিগায় ২৬ খেলায় পেয়েছেন ২৭ গোলের দেখা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৯০৫ ঘ.