ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বুধবারের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে জিতেছে রহমগঞ্জের বিপক্ষে।
কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে শেখ জামালকে।
খেলার প্রথমার্ধ ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলা।
১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
১৭ মিনিটে শেখ জামাল প্রথম গোলের দেখা পায়। আতিকুর রহমান মিশুর ঠেলে দেয়া বল থেকে নেয়া এনামুল হকের শট রহমতগঞ্জের পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে জাহিদ হাসান এমিলি শট জায়গা পায় রহমতগঞ্জের জালে।
চলতি লিগে এমিলির এটি দ্বিতীয় গোল।
দশ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় রহমতগঞ্জ।
খেলার তখন ২৮ মিনিট। মাঝ মাঠ থেকে জামাল হোসেনের বাড়ানো বল পেয়ে যান আক্রমণভাগের খেলোয়াড় ইদ্রিস কাসিরি। তার আড়াআড়ি শট জামালের জালে পৌছলে খেলায় ফিরে আসে রহমতগঞ্জ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় শেখ জামাল । পেনাল্টি থেকে গোলটি করেন এনামুল (২-১)।
শেখ জামালের ক্যামেরুনের মাঝ মাঠের খেলোয়াড় মদো হিগুয়েজকে রহমগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় শিমুল খান ফেলে দিলে রেফারি জসিম উদ্দিন পেনাল্টির নির্দেশ দেন।
এনামুলের নেয়া পেনাল্টি শট প্রথমে ঠেকিয়ে দেন রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখ। ফিরতি শটে ইরান শেখকে পরাস্ত করেন ঐ এনামুলই।
জয় পেতে কষ্ট হলেও খুশি শেখ জামাল কোচ পাকির আলী। তিনি বলেন," দল জিতেছে। তিন পয়েন্ট পেয়েছি। দলের খেলায় আমি সন্তুষ্ট। "
রহমগঞ্জ কোচ আলী আসগর নাসির অবশ্য হারের জন্য দায়ী করেছেন রেফারিকে, "রেফারির পেনাল্টির নির্দেশ ছিল ভুল সিদ্ধান্ত। তা না হলে আমাদের হারতে হতো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/ ১৯১৬ ঘ.
bdnews24