ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আতে সোমবার রাতে নাপোলিকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান।
মিলানের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল তিনটি করেন ইব্রাহিমোভিচ, কেভিন বোয়েটাং ও অ্যালেক্সান্ডার পাতো।
এই জয়ের ফলে ইন্টার মিলানের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেল এসি মিলান। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার।
খেলাটি ছিল মিলানের এগিয়ে যাওয়া, আর নাপোলির জন্য মিলানকে ধরে ফেলার লড়াই। মিলান জিতলে শীর্ষস্থান সুসংহত হবে। হেরে গেলে নাপোলির সঙ্গে ভাগাভাগি করতে হবে পয়েন্ট তালিকার প্রথম স্থানটি।
দু'দলের কাছে তাই তীব্র প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ফুটবল আশা করাই স্বাভাবিক। কিন্তু সে আশাই গুড়ে বালি! মিলানের সামনে দাঁড়াতেই পারেনি নাপোলি।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দাপট দেখিয়েছে মিলান। মাঝমাঠের খেলোয়াড় মার্ক বোমেল দু'বার গোল করার কাছাকাছি গিয়েও হতাশ করেছেন মিলান সমর্থকদের।
দ্বিতীয়ার্ধে একে একে তিনটি গোল আদায় করে নেয় মিলান। প্রথমটি ৪৯ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে সেরি আতে চলতি মৌসুমে নিজের ১৪তম গোল করেন ইব্রাহিমোভিচ। দ্বিতীয় গোলটি হয় ৭৭ মিনিটে। ব্রাজিলের খেলোয়ড় পাতোর ঠেলে দেয়া বল বোয়েটাংয়ের পা ঘুরে আশ্রয় নেয় নাপোলির জালে।
নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন পাতো।
২৭ খেলায় এসি মিলানের পয়েন্ট ৫৮। সমান খেলায় ইন্টার মিলানের সংগ্রহ ৫৩। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮১৪ ঘ.
bdnews24