ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন লিগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ম্যানচেস্টার ইউনাইটেড ও অলিম্পিক মার্শেইয়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। কোনো দলই গোল করতে পারেনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে সেবাস্তেন ইকুইলাসির একমাত্র গোলে স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ইতালির 'সেরি আ'তে নতুন কোচ ভিনসেনজো মন্টেলার অধীনে প্রথম খেলায় জিতেছে এএস রোমা। বোলোগনাকে হারায় তারা ১-০ গোলে।
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম খেলার প্রথমার্ধে অসাধারণ ফুটবল খেলেছে ইন্টার মিলান। প্রতিটা আক্রমণই পূর্ণতা পেতে পারতো। দক্ষ গোলদাতার অভাবে গোল করতে পারেনি লিওনার্দো আরাউজোর দল। আক্রমণভাগের খেলোয়াড় স্যামুয়েল ইতোকে সরিয়ে দিয়েগো মিলিতোকে মাঠে নামালে হয়তো ফল পেতে পারতেন ইন্টার কোচ।
জার্মান ফুটবল মানেই 'পাল্টা আক্রমণ চালিয়ে গোল আদায় করে নাও', এই ধারায় খেলেছে বায়ার্নও। মাঝে-মধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে ইন্টারের রক্ষণভাগকে কাঁপিয়ে দিয়েছেন রিবেরি, মুলার ও রোবেন।
খেলাটা গোলশূন্য ড্রই হতো। কিন্তু গোলরক্ষক জুলিয়াস সিজারের একটি ভুলের মাসুল দিয়ে মাঠ ছাড়তে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইন্টারকে। বল ঠিকমতো ধরতে না পারায় তা চলে যায় মারিও গোমেজের কাছে। গোল করতে কোনো ভুল করেননি তিনি।
প্রথম খেলায় মার্শেইর মাঠ থেকে খালি হাতে ফিরতে হয়েছে নিস্প্রভ ম্যানচেস্টার ইউনাইটেডকে। কোনো গোলও অবশ্য হজম করেনি তারা।
ফিরতি খেলায় মার্শেই-ম্যান ইউ মাঠে নামবে ১৫ মার্চ। একই দিন ইন্টার খেলবে বায়ার্ন মিউনিখের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪১ ঘ.
bdnews24