২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি জেতালেন বার্সাকে, পাতো মিলানকে

স্পেনের লা লিগায় রোববার রাতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাওকে। ইতালির 'সেরি আ'তে এসি মিলান একই ব্যবধানে শিভোর বিপক্ষে জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার রাতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাওকে। ইতালির 'সেরি আ'তে এসি মিলান একই ব্যবধানে শিভোর বিপক্ষে জয় পেয়েছে। ৩ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জেনোয়ার কাছে হেরেছে এএস রোমা। আর এফ এ কাপের খেলায় ৮৯ মিনিটে গোল খেয়ে লেটন ওরিয়েণ্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। নিজেদের মাঠে বার্সা ভালো খেলেছে প্রথমার্ধে। খেলার শুরুতেই গোল তুলে নেয় তারা। জাভি ও দানি আলভেসের পা ঘুরে বল গিয়ে পড়ে ডেভিড ভিয়ার পায়ে। 'ইনফর্ম' ভিয়া বল জড়িয়ে দেন বিলবাওয়ের জালে। সার্জিও বাসকুইসের ভুলে ৫০ মিনিটে পেনাল্টি পায় অতিথি অ্যাথলেটিক বিলবাও। আন্দোনি ইরাওলার গোলে খেলায় সমতা ফিরে আসে। খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে পয়েন্ট হারাবে বার্সা আর রিয়ালের সঙ্গে ব্যবধানও কমে আসবে দুই পয়েন্টে - এই ভাবনা থেকেই হয়তো জ্বলে উঠলেন লিওনাল মেসি। আবার জাভি-দানি আলভেজের বল আদান-প্রদান, তারপর মেসির পায়ে বল যার শেষ ঠিকানা ৬ গজ দূরে বিলবাওয়ের জাল। ২৫ গোল নিয়ে লা লিগায় এককভাবে গোলদাতার শীর্ষে উঠলেন মেসি। ২৪ গোল নিয়ে তার পেছনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয়ের ফলে বার্সার ঝুলিতে জমা পড়লো ২৪ খেলায় ৬৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬০ পয়েন্ট। 'সেরি আ'তে দুই ব্রাজিলিয়ানের গোলে জেনোয়ার বিপক্ষে জয় পেয়েছে এসি মিলান। প্রথমার্ধে রবিনহোর গোলে এগিয়ে যাওয়া মিলান গোল খেয়ে বসে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে। বদলি পাতো মাঠে নেমেই গোল করে মিলানের জয় নিশ্চিত করেন। অধিনায়ক গাত্তুসোর দেয়া বল ব্রাজিলিয়ান 'স্টাইলে' শিভোর জালে পাঠিয়ে সাম্বা নৃত্যে মেতে ওঠেন ২১ বছর বয়সী তরুন যুবা। জেনোয়ার বিপক্ষে এএস রোমার ৪-৩ গোলের হতাশাজনক হারের পর পদত্যাগ করেছেন রোমা কোচ ক্লডিও রানিরি। টানা ৪ খেলায় হারের পর নিজের পদে না থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিলিপ মেক্সেস, নিকোলাস আন্দ্রেস ও ফ্রান্সেস্কো টট্টির গোলে ৩ গোলে এগিয়ে ছিল রোমা বাহিনী। 'সেরি আ' ইতিহাসে সেরা 'কামব্যাক' দেখিয়ে রোমার জালে ৪ গোল দিয়ে জয় তুলে নিয়েছে জেনোয়া। খেলা শেষে পদত্যাগের বিষয়ে এনএসি এজেন্সির কাছে মুখ খুলেছেন ক্লডিও রানিনি, "যখন খেলা শেষের বাঁশি বাজলো, আমি সাজঘরে ফিরে খেলোয়াড়দের ধন্যবাদ জানালাম এবং পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। এমন হারের পর পদত্যাগ করাই শ্রেয়।" এফ এ কাপের পঞ্চম পর্বের খেলায় লেটন ওরিয়েন্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ফলে দু'দলকে আবারও মুখোমুখি হতে হবে। থমাস রসিকির ৫৩ মিনিটের গোল ৮৯ মিনিটে শোধ করেন লেটন ওরিয়েন্টের কাহনে তেহোয়ু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪১৩ ঘ.