ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এভারটনের কাছে টাই-ব্রেকারে ৪-৩ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
অপর খেলায় প্রথম বিভাগের দল ক্রোলি টাউনের বিপক্ষে বহু কষ্টে ১-০ গোলে জিতে ম্যানচেস্টার ইউনাইটেড পৌঁছে গেছে ষষ্ঠ পর্বে।
স্পেনের লা লিগায় জিতেছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে দলটি হারিয়েছে লেভান্তেকে।
ইতালির সেরি আতে আন্দ্রে রানোচ্চির বিতর্কিত গোলে ক্যাগলিয়ারিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
এফ এ কাপের চতুর্থ পর্বে চেলসি ও এভারটন মুখোমুখি হয়েছিল ২৯ জানুয়ারি। সেই খেলার ফলাফল ছিল ১-১। তাই পঞ্চম পর্বে কে যাবে, তা নির্ধারণে শনিবার রাতে আবারও মুখোমুখি হয় দু'দল।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে অতিথি এভারটন মাঠে নামে আগ্রাসী মনোভাব নিয়ে। শুরুর ২০ মিনিট ছিল তাদের দখলে। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় চেলসি। বাকি সময় চাপিয়ে খেললেও কোনো গোল পায়নি কার্লোস আনচেলত্তির দল।
গোল খরা কাটে অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে। আনেলকা আড়াআড়িভাবে বল ঠেলে দেন দ্রগবার কাছে। তিনি বল নিয়ন্ত্রণে নিতে না পারলেও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ভুল করেননি। ছুটে এসে প্রচণ্ড শট নেন। বল জড়িয়ে যায় এভারটনের জালে।
খেলার শেষ মিনিটে চেলসির বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় এভারটন। কিক নেন লেইটন বাইনেস। গোলরক্ষকের কোনো কিছু বুঝে ওঠার আগে বল আশ্রয় নেয় চেলসি জালে (১-১)।
খেলা গড়ায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। এতে ৩-৪ গোলে হেরে বিদায় নেয় গত দু'বারের চ্যাম্পিয়ন চেলসি।
ক্রোলি টাউনের বিপক্ষে ম্যানচেষ্টার ইউনাইটেড খুব একটা ভালো খেলেনি। যদিও কোচ অ্যালেক্স ফার্গুসন মাঠে নামিয়েছিলেন দ্বিতীয় সারির দল। ২৮ মিনিটে ওয়েসলে ব্রাউনের গোলে এগিয়ে যায় ম্যান ইউ।
শেষ মুহূর্তে রিচার্ড ব্রডি মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। বল ম্যান ইউয়ের বারে লেগে ফিরে আসায় ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে ক্রোলি টাউন।
লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজামা ও রিকার্ডো কারভালহো গোল দু'টি করেন।
এ জয়ের ফলে ২৪ খেলায় রিয়ালের ঝুলিতে জমা পড়লো ৬০ পয়েন্ট। শীর্ষ দল বার্সেলোনার সংগ্রহ ২৩ খেলায় ৬২ পয়েন্ট।
সেরি আতে ক্যাগলিয়ারির বিপক্ষে আন্দ্রে রানোচ্চির একমাত্র গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। যদিও টিভি রিপ্লে বলছে রানোচ্চি অফ-সাইডে ছিলেন।
২৬ খেলায় ইন্টারের সংগ্রহ ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলার পরও ৫২ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৪৪ ঘ.
bdnews24