ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝসারির দল ফুলহামের সঙ্গে গোলশূন্য্য ড্র করে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
২৬ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে রয়েছে চেলসি, সমান খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগের অবশিষ্ট ১২ ম্যাচ থেকে ম্যান ইউ'র সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান ঘুচানো চেলসির জন্য খুবই কঠিন হবে।
গোল মিসের মহড়া দেয়া চেলসিকে পেয়ে বসেছিলো হারের শঙ্কা। শেষ মিনিটে পেনাল্টি আটকে দিয়ে দলকে হার থেকে বাঁচিয়েছেন গোলরক্ষক পিটার চেক।
বেনফিকা থেকে চেলসিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুইজে ক্লিন্ট ডেম্পসেকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পেয়ে যায় ফুলহাম। তবে ওই পেনাল্টি আটকে দলকে ১ পয়েন্ট এনে দেন চেক।
তবে শেষ সময় মাইকেল এসিয়েন গোলের সহজ সুযোগ নষ্ট না করলে জয় নিয়েও মাঠ ছাড়তে পারতো চেলসি।
গোলের আশায় দ্বিতীয়ার্ধে ফার্নান্দো তোরেস ও নিকোলাস অ্যানেলকার বদলে দ্রগবা ও কালুেেক নামিয়েও কাজ হয়নি। গোল পায়নি আনচেলোত্তির দল।
ঘরের মাঠে টানা ৩ জয় নিয়ে চেলসির বিপক্ষে উজ্জীবিত ছিলো ফুলহাম। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় হারিয়েছে তালিকার ৯ নম্বরে উঠে আসার সযোগ। ২৬ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে দলটি।
এর আগে গত সপ্তাহে লিভারপুলের কাছে হারে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১৫ ঘ.
bdnews24