ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল লিগে বুধবার আবাহনী ২-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। দিনের অন্য খেলায় ঢাকা মোহামেডান ১০ জনের ফেনী সকারের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে থুয়াম ফ্রাংকের জোড়া গোলে আরামবাগের বিপক্ষে ঘাম ঝড়ানো জয় পেয়েছে আবাহনী।
খেলার ২০ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাংক গোল করে দলকে এগিয়ে নেন। আরামবাগের রক্ষণভাগের খেলোয়াড় আবুল কাশেম ঘানার আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাংককে ফেলেদিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন।
তবে আবাহনী এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৫ মিনিট পর আবাহনী রক্ষণভাগের খেলোয়াড় মামুন মিয়া আরামবাগের আক্রমণভাগের খেলোয়াড় বেঞ্জামিন কুপারকে ফেলেদিলে রেফারি খেলায় দ্বিতীয়বারের মতো পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে বানগুরা ইসমাইল গোল করে সমতা ফেরান (১-১)।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আবাহনী ফ্রাংকের গোলে আবারো এগিয়ে যায় (২-১)।
দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
এ জয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলে মুক্তিযোদ্ধাকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে আবাহনী। ৮ খেলায় তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট আর ৭ খেলায় মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৬ পয়েন্ট।
ফেনী স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে ফেনী সকার ক্লাবের নাদির দুই হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়।
গোল শূন্য প্রথমার্ধের পর খেলার ৪৯ মিনিটে তৌহিদুল ইসলামের গোলে সকার ক্লাব এগিয়ে যায় (১-০)। ২০ মিনিট এ ব্যবধান তারা ধরেও রেখেছিল।
৭১ মিনিটে এমেকা ক্রিশ্চিয়ানোর গোলে ঢাকা মোহামেডান খেলা সমতা ফেরায় (১-১)। সাত মিনিট পর আনোয়ারের গোলে এগিয়ে যায় (২-১) ব্যাঙ্ক পাড়ার দলটি।
পিছিয়ে পড়ে ৮৮ মিনিটে বুলবুলের গোলে খেলায় সমতা (২-২) ফেরায় সকার ক্লাব। এ ড্রয়ের ফলে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল তারা।
৮ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ঢাকা মোহামেডান পঞ্চম। সমান খেলায় চার পয়েন্ট নিয়ে তালিকায় এগারোতম স্থানে রয়েছে ফেনী সকার।
বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১৯৪৬ ঘ.
bdnews24