ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাইপ্রাস আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সুইডেন ও ইউক্রেন।
মঙ্গলবার রাতে সুইডেনের কাছে ০-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক সাইপ্রাস। অন্য খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর পেনাল্টিতে রোমানিয়াকে ২-৪ গোলে হারিয়েছে ফাইনালে সুইডেনের সঙ্গী হয়েছে ইউক্রেন।
সাইপ্রাসের বিপক্ষে সুইডেনের গোল দুটি করেন টোবিয়াস হাইসেন ও মার্কাস বার্গ।
ইউক্রেন ও রোমানিয়ার খেলায় হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। 'টোটাল ফুটবল' উপহার দিয়েছে দু'দলই। খেলার ৪টি গোলই হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটের মধ্যে ইয়ারোস্লাভ রাকিস্তকি ও আরতেস মিলেভসকির গোলে এগিয়ে যায় ইউক্রেন।
রোমানিয়ার ত্রাতা হয়ে আবির্ভূত হন ডান অ্যালেক্স। তার জোড়া আঘাতে প্রথমার্ধে শেষ হওয়ার আগেই খেলায় সমতা নিয়ে আসে রোমানিয়া।
দ্বিতীয়ার্ধে কোন পক্ষই গোল আদায় করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটও কাটে গোল খরায়। ফলে খেলা গড়ায় পেনাল্টিতে।
ইউক্রেনের বদলি গোলরক্ষক ওলেজান্দার সোভকভস্কি দুটি পেনাল্টি ঠেকিয়ে দিলে ৪-২ গোলে জয় নিয়ে ফাইনালে পৌছে যায় ইউক্রেন।
বুধবার রাতে ফাইনালে মুখোমুখি হবে সুইডেন ও ইউক্রেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২২৭ ঘ.
bdnews24