ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রোববার রিয়াল মাদ্রিদ ৪-১ ব্যবধানে হারায় রিয়াল সোসিয়েদাদকে। যদিও লিগের শীর্ষ দল বার্সেলোনার চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
এই মৌসুমে নিজেদের মাঠে এটা রিয়াল মাদ্রিদের একাদশ জয়।
খেলার শুরুতেই সোসিয়েদাদকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ৮ মিনিটে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন ব্রাজিলের কাকা। সোসিয়েদাদের মাঝমাঠের খেলোয়াড় গোর্কার বল ধরে বাঁ-পায়ের জোরালো শটে তা জালে জড়িয়ে দেন কাকা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাদলো।
পর্তুগালের আক্রমণভাগের এই খেলোয়াড় ৪২ মিনিটে জার্মানির মেসুত ওজিলের একটি কর্নার কিকে মাথা ছুঁয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল মাদ্রিদে ধারে খেলতে আসা ইমানুয়েল আদেবায়ো ৮৯ মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেকটি মারেন। লিগে আদেবায়োর এটি প্রথম গোল।
রিয়াল সোসিয়েদাদের জন্য সান্ত্বনা ছিলো মাদ্রিদের আলভেরো আরবেলোয়ার ৭২ মিনিটে করা আত্মঘাতি গোলটি।
জোড়া গোল করায় লিগে ২৪ গোল নিয়ে শীর্ষে থাকা মেসিকে ছুঁয়েছেন রোনালদো। আর এই মৌসুমে মোট ৪০ গোল করে সবার উপরে মেসি। রোনালদোর মোট গোল সংখ্যা ৩৪।
দিনের অন্যান্য খেলায় ভালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে হারকিউলিসকে। মালাগা ও সেভিয়ার খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
৬১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ দ্বিতীয়। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিলারিয়াল। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ ভালেন্সিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৫ ঘ.
bdnews24