২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা হারের পর মোহামেডানের স্বস্তির জয়

তিন ম্যাচ পর জয়ে দেখা পেলো ঢাকা মোহামেডান। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে শুক্রবার মোহামেডান ৪-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ম্যাচ পর জয়ে দেখা পেলো ঢাকা মোহামেডান। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে শুক্রবার মোহামেডান ৪-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। খেলার ৮ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। রনি ইসলামের ক্রস থেকে নাইজেরিয়ার আক্রমণ ভাগের খেলোয়াড় এমেকা মাথা দিয়ে বল জড়িয়ে দেন আরামবাগের জালে (১-০)। এ ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। ছয় মিনিট পর আরামবাগের বেঞ্জামিন গোল করলে খেলায় সমতা ফেরে। যদিও এই গোলের জন্য মোহামেডানের গোলরক্ষক কিছুটা দায়ী। বানগুরা ইসমাইলের বল মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ হাসান ধরে ফেললেও তা কেড়ে নিয়ে বেঞ্জামিন বল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন (১-১)। অল্প কিছুক্ষণ পরই অবশ্য মোহামেডান আবারো এগিয়ে যায়। ১৯ মিনিটে শরিফের ফ্রি কিকে মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়ে দেন লাকি (২-১)। খেলার প্রথমার্ধেই জয় একরকম নিশ্চিত করে ফেলে মোহামেডান। মাত্র ৩০ মিনিটের মধ্যে তারা আদায় করে নেয় তিনটি গোল। খেলার ৩০ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন মাঝমাঠের বিদেশী খেলোয়াড় আমানি। ফলে ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। খেলার ৯০ মিনিটে আরামবাগের কফিনে শেষ পেরেকটি মারেন মোহামেডানের আনোয়ার হোসেন। শরিফুল ইসলামের কাছ থেকে বল পেয়ে তীব্র শটে তা জালে পাঠিয়ে দেন। ৪-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। টানা তিন ম্যাচ হারের পর এদিনের জয়ে মোহামেডান শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো মোহামেডান । তাদের জয় ৪টি ও হার ৩টি। সমান খেলায় আরামবাগের পয়েন্ট ৬। তারা একটি ম্যাচ জিতেছে তিনিটিতে ড্র এবং দুটিতে হেরেছে। মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, " আগের তিনি ম্যাচে মোহামেডান সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু এ ম্যাচে সুযোগ কাজে লাগাতে পেরেছে, তাই জয় পাওয়া সম্ভব হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১১ ঘ.