২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও মুক্তিযোদ্ধার পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলায় কোন দলই জেতেনি। গোলশূন্য ড্র হয়েছে খেলাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলায় কোন দলই জেতেনি। গোলশূন্য ড্র হয়েছে খেলাটি। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে সপ্তম পর্বের প্রথম খেলায় দু'দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। তারপরও পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থেকে গেল মুক্তিযোদ্ধা। সাত খেলায় দলটির পয়েন্ট ১৬। তারা জিতেছে পাঁচ খেলায়, হেরেছে একটিতে এবং ড্র করেছে একটিতে। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তারা চার খেলায় জিতেছে, দু'টিতে ড্র এবং একটিতে হেরেছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দু'দলই রক্ষণভাগ আগলে রেখে আক্রমণে যায়। কিন্তু সফল হয়নি কোনো দলই। অবশ্য প্রতিপক্ষের সীমানায় হানা দিয়ে আবাহনী গোলের কয়েকটি সহজ সুযোগের সৃষ্টি করে। কিন্তু মুক্তিযোদ্ধার রক্ষণভাগ ভাঙতে পারেনি। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে আবাহনী দারণ একটি সুযোগ পায়। দলের আক্রমণভাগের ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিম বক্সের সামনে থেকে প্রচণ্ড শট নেন। কিন্তু মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব তা ঠেকিয়ে দেন। আবাহনীর মতো মুক্তিযোদ্ধাও কয়েকটি সুযোগ পায় গোল করার। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। ৩৪ মিনিটে মিথুন চৌধুরীর কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে দলের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলা ওলালেকান মাথা সেটিকে পাঠানো চেষ্টা করেন জালে। কিন্তু বার ঘেঁষে বল চলে যায় বাইরে। খেলার ৬৪ মিনিটে জাহেদ পারভেজের কাছ থেকে বল পেয়ে দলের সুদানের আক্রমণভাগের খেলোয়াড় জেমস মগা আবাহনী রক্ষণভাগের খেলোয়াড় মামুন মিয়াকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু এরপর আর জালে জড়াতে পারেননি বল। খেলা শেষে মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক বলেন, "আক্রমণভাগের খেলোয়াড়রা ভালো খেলতে পারেননি বলে গোল করা সম্ভব হয়নি। বিশেষ করে, বুকোলা যে কয়টি সহজ সুযোগ নষ্ট করেছেন তা ছিল অমার্জনীয়।" আবাহনীর ইরানি কোচ আলী আকবরও তার দলের আক্রমণভাগের খেলোয়াড়দের দায়ী করেন, "আমরা দুই/তিনটি ভালো সুযোগ হাতছাড়া করেছি।" বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০০ ঘ.