ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা দেল রে'র ফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে আলমেরিয়াকে। অপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতেছে সেভিয়ার বিপক্ষে।
সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় বার্সেলোনা ৫-০ গোলে হারায় আলমেরিয়াকে। আর সেভিয়ার বিপক্ষে রিয়াল জেতে ০-১ গোলে।
নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে রিয়ালকে খুব একটা সুসংগঠিত মনে হয়নি। পুরো ম্যাচে এলোমেলো ফুটবল খেললেও রিয়াল মাদ্রিদের তারকারা জ্বলে ওঠার জন্য হয়তো শেষ ১০ মিনিটকেই বেছে নিয়েছিলেন।
খেলার তখন ৮০ মিনিট। মেসুত ওজিলের শট সেভিয়ার গোললাইন অতিক্রম করার পর হাফ ছেড়ে বাঁচেন রিয়াল সমর্থকরা। আর খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেয়া ইমানুয়েল আদেবায়োরের গোলে ফাইনাল নিশ্চিত হয় 'লস ব্লাঙ্কোস'দের।
অন্য খেলায় আলমেরিয়ার মাঠে 'ফেভারিট'র তকমা গায়ে লাগিয়ে নামে বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম পর্বে আলমেরিয়ার জালে ৫ বার বল জড়িয়েছিল কাতালানরা। তাই কোচ পেপ গার্দিওলা নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দিয়েছিলেন। মাঠে নামাননি লিওনেল মেসি, ডেভিড ভিয়া, পেদ্রো রড্রিগুয়েজ, জাভি হার্নান্দেজ ও এরিক আবিদালের মতো খেলোয়াড়দের।
তারপরও বার্সেলোনার দ্বিতীয় একাদশের সঙ্গে পেরে ওঠেনি আলমেরিয়া। খেলার ৩৪ মিনিটে আলমেরিয়ার জালে বল জড়ান আদ্রিয়ানো ক্লারো। চলতি মৌসুমের শুরুতেই সেভিয়া থেকে বার্সায় যোগ দেয়া আদ্রিয়ানোর গোলটি ছিল দৃষ্টিনন্দন। মাঝমাঠ থেকে এক দৌড়ে আলমেরিয়ার বক্সে ঢুকে যান ব্রাজিলের এই খেলোয়াড়। রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক এস্তেবানকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বার্সেলোনা দ্বিতীয় গোল পেয়ে যায়। দানি আলভেজের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে মাথা দিয়ে আলমেরিয়ার জালে পাঠিয়ে দেন থিয়াগো আলকান্তারা।
নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড় ইব্রাহিম আফেলা খেলার ৬৬ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন। খেলার বাকি সময় চাপ প্রয়োগ করে খেললেও আর কোন গোল আদায় করতে পারেনি বার্সা।
আরেকটা 'এল ক্লাসিকো' ফাইনালে রিয়াল-বার্সা মুখোমুখি হবে ফেব্র"য়ারির ২০ তারিখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৩৩ ঘ.
bdnews24