ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির জোড়া গোলের সুবাদে মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান সুসংহত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জিতেছে শিরোপা প্রত্যাশী আর্সেনালও। ২-১ গোলে এভারটনকে হারায় দলটি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৪-২ গোলে জিতেছে সান্ডারল্যান্ডের বিপক্ষে।
ইতালির 'সেরি আ'তে এসি মিলান ড্র করেছে ল্যাৎসিওর সঙ্গে।
অ্যাস্টন ভিলাকে হারিয়ে এই মৌসুমে টানা ২৯ খেলায় জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের খেলায় সাউদাম্পটনকে যে দলটি হারিয়েছে, সেই দলের ১০ জনকে বাদ দিয়ে মঙ্গলবার দল সাজান কোচ অ্যালেক্স ফার্গুসন। ফল পেতে এক মিনিটও লাগেনি। দর্শক নড়েচড়ে বসার আগেই গোল করেন ওয়েন রুনি।
পরের ৪৪ মিনিট ধরে চলে ম্যান ইউ'র অনুপম ফুটবলের প্রদর্শনী। গোল পায়নি তারা নিতান্তই দুর্ভাগ্যের কারণে। একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়েছে অ্যাস্টর ভিলার রক্ষণভাগে।
কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে আবারো 'রুনি ম্যাজিক'। ডান প্রান্ত থেকে বল ঠেলে দেন ন্যানি। আলতো টোকায় তা অ্যাস্টন ভিলার জালে জড়িয়ে ম্যান ইউকে ২ গোলে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখে ম্যান ইউ। কিন্তু ৫৯ মিনিটে ঘটে বিপত্তি। পাল্টা আক্রমণ চালিয়ে গোল করে বসে অ্যাস্টন ভিলা। বক্সের ভেতর থেকে ড্যারেন বেন্টের প্রচণ্ড শট ঠেকানোর সাধ্য ছিল না ম্যানচেস্টার গোলরক্ষক ফন-ডার সারের।
৫ মিনিট পর নেমানজা ভিডিচের গোলে ৩-১ এ এগিয়ে ম্যান ইউ। অ্যাস্টন ভিলার বক্সে ফাঁকায় দাড়ানো ওয়েন রুনি চাইলে গোলটা নিজেই করতে পারতেন, পূরণ করতে পারতেন নিজের হ্যাট্রিকও। কিন্তু তার চেয়ে সুবিধাজনক স্থানে থাকা ভিডিচকে তার চোখ এড়ায়নি। রুনির বাড়িয়ে দেয়া বল পায়ে পড়তেই ভিডিচের তীব্র শট। বল পৌঁছে যায় কাক্সিক্ষত ঠিকানায়।
এরপর খেলায় ফেরার আশায় ভিলার কোচ মাঠে নামান তার দুই তুরুপের তাস, এমিল হেস্কি ও গ্যাব্রিয়াল অ্যাগবোনলাহোরকে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি।
খেলার বাকি সময় নিজেদের পায়ে বল রেখে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।
২৪ খেলায় দলটির পয়েন্ট ৫৪। অ্যাস্টন ভিলার ২৮।
আর্সেনাল ও এভারটনের খেলায় লুই সাহার গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল গানার্সরা। ৭০ ও ৭৬ মিনিটে আর্সেনালের পক্ষে আরশাভিন ও কসিয়েনলি গোল করলে শেষ পর্যন্ত জয় পায় আর্সেনাল।
সান্ডারল্যান্ডের মাঠে ফিলিপ বার্ডসলের গোলে আর্সেনালের মতোই শুরুতে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। পরে গুনে গুনে চারটা গোল দেয় তারা। গোলগুলো করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, সলোমন কালু, জন টেরি ও নিকোরাস অ্যানেলকা। সান্ডারল্যান্ডের কিরান রিচার্ডসন অবশ্য আরেকটা গোল শোধ করেন।
আর্সেনালের সংগ্রহ ২৪ খেলায় ৪৯ পয়েন্ট। চেলসির ৪৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এসএনএল/১৯২২ ঘ.
bdnews24