ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩৫ বছরের ইতিহাসে এবারই প্রথম শীর্ষ দশ টেনিস খেলোয়াড়ের তালিকায় স্থান পেয়েছেন দশ দেশের দশ মেয়ে।
১৯৭৫ সালে এই র্যাঙ্কিং চালু করা হয়।
ডব্লিউটিএ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্ট্যাসি অলস্টার সোমবার মেয়েদের নয়া র্যাঙ্কিং প্রকাশ করার পর এক বিবৃতিতে বলেন, "টেনিস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর প্রমাণ শীর্ষ দশে স্থান পেয়েছেন দশ দেশের দশ মেয়ে খেলোয়াড়।"
১৩ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস চোটের কারণে দীর্ঘদিন না খেলায় ৪ নম্বর থেকে নেমে গেছেন ১২ নম্বরে। অস্ট্রেলিয়া ওপেনে অংশ না নেয়ায় হারান ২ হাজারেরও বেশি পয়েন্ট।
গেল বছর অবসরে যাওয়ায় বাদ পড়েছেন রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা। ১১ নম্বরে যিনি রয়েছেন তিনিও অন্য আরেকটি দেশের খেলোয়াড়।
তালিকার শীর্ষে রয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এরপর ধারাবাহিকভাবে আছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স, রাশিয়ার ভেরা জভোনারেভা, ইতালির ফ্রান্সেসকা শিয়াভোন, অস্ট্রেলিয়ার সামান্থা স্তোসুর, যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, চীনের লি না, সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানেস্কা ও ইসরায়েলের শাহার পিয়ার।
তাদের মধ্যে লি ও জেলেনা যৌথভাবে আছেন ৭ম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এসএনএল/২১৩১ ঘ.
bdnews24