ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নেয়ার জন্য এসি মিলানকে অর্থ-কড়ি দিতে বললেন ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি।
সেপ্টেমরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী হিসেবে খেলতে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর মানচিনির সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে পড়ে।
এরই মধ্যে তেভেজকে নেয়ার আগ্রহ দেখায় মিলান। তাকে ধার নেয়ার প্রস্তাবও দিয়েছে ইতালির দলটি। কিন্তু ইংল্যান্ডের দলটি সাফ জানিয়ে দেয়, তেভেজকে নিতে চাইলে কিনে নিতে হবে। ঠিক একই সুর বের হয় মানচিনিরও গলা থেকে।
“তেভেজকে পেলে মিলান অনেকখানি এগিয়ে যাবে। কেননা আক্রমণভাগে তিনি এমন একজন খেলোয়াড়, যিনি একাই খেলায় পার্থক্য গড়ে দিতে পারেন,” ইতালির একটি পত্রিকাকে মানচিনি বলেন, “তেভেজকে নেয়ার শর্ত সম্পর্কে সব কিছুই জানা আছে এসি মিলানের। তার মতো খেলোয়াড়কে আপনি বিনে পয়সায় দিতে পারেন না।”
এদিকে মানচিনি এ কথা নিশ্চিত করেন যে এএস রোমার মাঝমাঠের খেলোয়াড় দানিয়েল রোসিকে দলে নিতে চান তিনি। রোমার সঙ্গে রোসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এ মৌসুম শেষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.
bdnews24