ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাগ্যের জোরে এগিয়ে গিয়েও নিউক্যাসল ইউনাইটেডকে হার মানতে হয়েছে লিভারপুলের কাছে। ক্রেগ বেলামির জোড়া গোলের ওপর ভর করে শুক্রবার প্রিমিয়ার লিগে দলটি জেতে ৩-১ ব্যবধানে। অপর গোলটি আসে বদলি খেলোয়াড় স্টিভেন জেরার্ডের পা থেকে।
অ্যানফিল্ডে খেলার ২৫ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। রায়ান টেইলর উঁচু করে বল ফেলেন লিভারপুলের বক্সে। মাথা দিয়ে সেই বল জালের দিকে ঠেলে দেন ইয়োহান কাব্যাই। গোলরক্ষক পেপ রেইনাও ছিলেন বলের লাইনে। কিন্তু লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগারের গায়ে লেগে গোলরক্ষকে বেশ খানিকটা দূর দিয়ে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে।
পাঁচ মিনিট পরই খেলায় সমতা ফেরান বেলামি। নিউক্যাসলের রক্ষণভাগের এক খেলোয়াড় বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে পারেননি। বল চলে যায় বেলামির পায়ে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার।
বেলামি তার দ্বিতীয় গোলটি করেন ৬৭ মিনিটে, ফ্রি-কিক থেকে।
আর জেরার্ড তার গোলটি করেন ৭৮ মিনিটে।
লিভারপুল ১৯ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। সমান খেলায় নিউক্যাসলের পয়েন্ট ৩০। দলটি আছে সাত নম্বরে। ১৮ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। দলটির নগর প্রতিপক্ষেরও পয়েন্ট ৪৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১১ঘ.
bdnews24