২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বিশ্বকাপ জয় আর মেসিকে কাছ থেকে দেখার বছর

শেষ হয়ে এলো আরেকটি বছর। ২০১১ সালে সারা বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আলোচিত ঘটনা কম নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও সে সব ঘটনা বিশ্লেষণে ব্যস্ত। সেই বিশ্লেষণই উঠে এসেছে আসিফ আহমেদ রম্যর লেখায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

শচীন টেন্ডুলকার আর বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের বছর ২০১১। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড মুঠোয় পুরে নিলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন কিছুতেই পূরণ হচ্ছিলো না টেন্ডুলকারের। টানা ৫ বার ব্যর্থ হওয়ার পর অবশেষে এবারের বিশ্বকাপে আরাধ্য স্বপ্নটা বাস্তবায়িত হলো আধুনিক ক্রিকেটের সফলতম ব্যাটসম্যানের। ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারানোর পর টেন্ডুলকারের সেই অনাবিল উচ্ছ্বাসের কথা ক্রিকেটপ্রেমীরা বোধহয় কোনো দিনই ভুলতে পারবে না। তেমনি বাংলাদেশের ফুটবলভক্ত মানুষের স্মৃতিতেও উজ্জ্বল হয়ে থাকবে ৬ সেপ্টেম্বরের কথা। লিওনেল মেসির খেলা মাঠে বসে দেখার সৌভাগ্য যে সেদিনই হয়েছিলো তাদের। বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যত নিচেই থাকুক না কেন, এই সময়ের সেরা ফুটবলারের চোখধাঁধানো ‘জাদু’ সামনা-সামনি দেখতে পেরে এ দেশের মানুষ ভীষণ গর্বিত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার জয় ছাপিয়ে সেদিন মূর্ত হয়ে উঠেছিলো এক অনন্যসাধারণ খেলোয়াড়ের ফুটবল-শৈলী। ঘরের মাঠে বিশ্বকাপ ক্রিকেট দেখার অভিজ্ঞতাও অমূল্য। বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের সেই অভিজ্ঞতাও ২০১১তেই। বিশ্বকাপ উপলক্ষে রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামের বর্ণিল সজ্জা এই দুই শহরের নাগরিকদের পাশাপাশি সারা দেশের মানুষের আনন্দে যোগ করেছিলো ভিন্ন মাত্রা। ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় সেই খুশিকে করে তুলেছিলো সীমাহীন। আনন্দের আতিশয্যে কিছু বাড়াবাড়ি হয়তো হয়েছে। কিন্তু সেটা তো বাঙালিদের চারিত্রিক বৈশিষ্টেরই অংশ। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের ‘বাড়া ভাতে ছাই’ ঢেলে দিয়েছেন অবশ্য ক্রিকেটাররাই। কিংবা বলা ভালো ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫৮ ও ৭৮ রানে অলআউটের লজ্জাতেই বাংলাদেশের সুপার এইটে খেলার আশারও সমাধি। এই ব্যাটসম্যানরা ক্রিকেটামোদীদের বছর জুড়ে কম হতাশ করেননি। জিম্বাবুয়ে সফরে অপ্রত্যাশিত ব্যর্থতার দায় তো তাদেরই। বরং বোলারদের সৌজন্যে খুশির উপলক্ষ এসেছে কয়েক বার। তারই একটি চট্টগ্রামে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৬১ রানে অলআউট করার অভাবনীয় কৃতিত্ব। সেই সঙ্গে একজনের কথাও না বললেই নয়। ওয়ানডের সেরা অলরাউন্ডারের গৌরব বিশ্বকাপের পর হারিয়ে আবার ফিরে পেয়েছেন অক্টোবরে। ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেও তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন অনেক ওপরে। সাকিব আল হাসান সত্যিই আমাদের অমূল্য সম্পদ। সাকিবের মতো বিশাল না হলেও মহিলা ক্রিকেটারদের অবদানও কম নয়। শত প্রতিকূলতা পেরিয়ে তাঁরা দেশকে উপহার দিয়েছেন ওয়ানডে মর্যাদা। মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ মূল পর্বে যেতে পারেনি ঠিকই, কিন্তু প্রাপ্তিটাও নেহাত কম নয়। অথচ ফুটবলাররা দেশকে তেমন কিছুই দিতে পারেননি। বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে লেবানন ও পাকিস্তানের সঙ্গে জয়ের আনন্দ ভূলুণ্ঠিত হয়েছে বছরের শেষ মাসে সাফ ফুটবলে অমার্জনীয় ব্যর্থতায়। তিন ম্যাচের দুটোতেই হেরে গ্র“পের সবার নিচে থাকার লজ্জা নিয়ে দিল্লি থেকে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১১ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেকটি লজ্জাজনক অধ্যায়ের জন্ম হকির মাধ্যমে। দেশের সেরা খেলোয়াড়রা লিগসহ অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়ে মাঠে নেমে পন্ড করে দিয়েছেন জাতীয় যুব হকির ফাইনাল। যার জের ধরে সব কর্মকর্তার একযোগে পদত্যাগের কারণে ভেঙ্গে যায় হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি। ক্রিকেট আর ফুটবলের ঘরোয়া আয়োজন অবশ্য নিয়মিতই ছিলো। ঢাকার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে আবাহনী, রানার্সআপ তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। জাতীয় ক্রিকেট লিগে বড় দৈর্ঘ্যরে অর্থাৎ চার দিনের প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন, আর ওয়ানডে শিরোপা বিজয়ী ঢাকা বিভাগ। ফুটবলে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ এবং কোটি টাকার সুপার কাপে আবাহনী চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ লিগে সবাইকে পেছনে ফেলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অবশ্য পাতানো খেলার অভিযোগ তাদের কৃতিত্বকে কালিমালিপ্তও করেছে অনেকখানি। ক্রিকেটের বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা ছিলো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। একে তো স্বাগতিক, তার ওপরে মেসি-তেভেজ-অ্যাগুয়েরো-হিগুয়াইন-ডি মারিয়া সমৃদ্ধ র্দুর্ধষ আক্রমণভাগ - টুর্নামেন্টে আর্জেন্টিনাই ছিলো ফেভারিট। কিন্তু দেশের মানুষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য সমর্থকদের হতাশ করে আর্জেন্টিনা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালেই, টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে। একই অবস্থা আরেক জনপ্রিয় দল ব্রাজিলেরও। কোয়ার্টার ফাইনালে একচেটিয়া খেলে, অজস্র সুযোগ নষ্টের মাশুল দিয়ে তারা হেরে যায় প্যারাগুয়ের কাছে, ঐ টাইব্রেকারেই। এমনকি টাইব্রেকারে ব্রাজিলের চারটি শটের একটিও জালে যায়নি! দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উপভোগ্য লড়াই, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ প্রিমেরা লিগা ও বছরের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপ জয় এবং ডিয়েগো ম্যারাডোনার আরব আমিরাতের অখ্যাত ক্লাব আল ওয়াসলের দায়িত্ব গ্রহণও বছর জুড়ে বিশ্ব ফুটবলকে আন্দোলিত করেছে ভীষণভাবে। বছরের প্রায় তিন-চতুর্থাংশ সময় ভক্তদের অপেক্ষায় রাখলেও শততম শতকের দেখা পাননি টেন্ডুলকার। কিন্তু তারই সতীর্থ বীরেন্দর শেবাগ দারুণ এক রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে টেন্ডুলকারেরই (২০০) ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন শেবাগ। ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রানের এক অত্যাশ্চর্য ইনিংস খেলে তিনি এখন রেকর্ডটির মালিক। টেনিসে বছরটা ছিলো শুধুই নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন অর্থাৎ চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতেই এই সার্ব তারকা চ্যাম্পিয়ন। সুবাদে রাফায়েল নাদালকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছেন তিনি। জোকোভিচের অসাধারণ নৈপুণ্যের সামনে পরাভূত নাদালকে শুধু তার সবচেয়ে সাফল্যের টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মেয়েদের টেনিসে অবশ্য কারোরই আধিপত্য ছিলো না। অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরটা দারুণভাবে শুরু করলেও কিম ক্লাইস্টার্সকে এরপর আর খুঁজেই পাওয়া যায়নি। ফ্রেঞ্চ ওপেন জিতে প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেও চীনের লি নার সাফল্য ঐ একটিই। তেমনি পেত্রা কেভিতোভার উইম্বলডন আর সামান্থা স্টোসারের ইউএস ওপেনের শিরোপা জয়ের উচ্ছ্বাস মিলিয়ে যেতেও সময় লাগেনি।