ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লো আনচেলোত্তিকে নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা কথা। বুধবার শোনা গেল, তিনি কোচ হতে যাচ্ছেন প্যারিস সেইন্ট-জার্মেইনের।
ফ্রান্সের একটি পত্রিকায় বলা হয়, পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দোর সঙ্গে ইতালির এই কোচকে দেখা গেছে পার্ক দেস প্রিন্সেসে। তাই ধারণা করা হচ্ছে, পরে নয়, অচিরেই চুক্তি হতে যাচ্ছে উভয় পক্ষের মধ্যে ।
আনচেলত্তিকে চেলসি বরখাস্ত করে গত মৌসুমের শেষে। এর পর থেকে ফুটবল থেকে দূরে ছিলেন তিনি। ফ্রান্সের দুটো পত্রিকা দাবি করছে, অত্যন্ত লোভনীয় চুক্তির প্রস্তাব দেয়া হয় তাকে এবং চুক্তির শর্তও মেনে নিয়েছেন তিনি।
পত্রিকা দুটোর খবর যদি সত্য হয়, তাহলে আগামী আড়াই বছর ধরে প্রতি মাসে আনচেলোত্তি পকেটে ঢোকাবেন পাঁচ লাখ ইউরো। এর আগে লিগ ওয়ানের ইতিহাসে কোনো কোচ এত অর্থ বেতন পাননি।
আনচেলোত্তি দায়িত্ব নেবেন অ্যান্তোইন কোমবুয়ারের কাছ থেকে। এখনো অবশ্য বরখাস্ত করা হয়নি কোমবুয়ারকে।
বর্তমানে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। কিন্তু ইউরোপা লিগের নক-আউট পর্বে দলকে নিয়ে যেতে না পারায় ক্লাবের কাতারি মালিক কোমবুয়ারের ওপর অসন্তুষ্ট।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/টিআর/১২১১ ঘ.
bdnews24