২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের নতুন কোচ নিয়োগের পরিকল্পনা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এশিয়া কাপ অনূর্ধ্ব-২২ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বের আগেই কোচ নিয়োগ করা হতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী শনিবার এক জরুরী সভায় বসছে। জাতীয় দলের পরবর্তী কোচ স্বদেশী হবেন নাকি বিদেশী, তা এই সভায় ঠিক করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এশিয়া কাপ অনূর্ধ্ব-২২ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বের আগেই কোচ নিয়োগ করা হতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী শনিবার এক জরুরী সভায় বসছে। জাতীয় দলের পরবর্তী কোচ স্বদেশী হবেন নাকি বিদেশী, তা এই সভায় ঠিক করা হবে। বুধবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় বলেন, “এশিয়া কাপের বাছাই পর্বের জন্য আমাদের অবশ্যই কোচ নিয়োগ করতে হবে। আগামী সভায় আমরা তা ঠিক করবো।” “এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কাকে কোচের দায়িত্ব দেয়া হবে। বিষয়টি এখনো আমাদের পরিকল্পনাধীন,” যোগ করেন বাফুফের সহ-সভাপতির দায়িত্বে থাকা বাদল রায়। গত ২১ ডিসেম্বর মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কি পদত্যাগ করার পর জাতীয় দলের কোচের দায়িত্বে এখন আর কেউ নেই। ফুটবলাঙ্গনে গুঞ্জন, সামনে গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতা না থাকায় আপাতত বিদেশী কোচের প্রতি বাফুফে আগ্রহী নয়। তাই স্বদেশী কারো এই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। আগামী ২৩ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপের বাছাই পর্ব। বাছাই পর্বের ভেন্যু এখনো ঠিক হয়নি। এশীয় ফুটবল কাউন্সিল (এএফসি) অবশ্য প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানো ৪৭টি দেশের প্রতিটিকেই ভেন্যু হওয়ার প্রস্তাব দিয়েছে। বাছাই পর্ব পেরিয়ে ১৬টি দল খেলবে চূড়ান্ত পর্বে। ২০১৩ সালে হওয়ার কথা থাকলেও চূড়ান্ত পর্বের ভেন্যুও এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২০ঘ.