২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনার জন্য দরজা খোলা: বিলার্দো

দিয়েগো মারাদোনার জন্য দরজা খোলাই আছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মহা-ব্যবস্থাপক কার্লোস বিলার্দো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনার জন্য দরজা খোলাই আছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মহা-ব্যবস্থাপক কার্লোস বিলার্দো। মারাদোনার প্রশিক্ষণে ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর বিদায় নেয় জার্মানির কাছে ৪-০ গোলে হেরে। মারাদোনাকেও হারাতে হয় তার চাকরি। কেননা তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি এএফএ। এরপর থেকে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তীর সঙ্গে বিলার্দো কোনো কথা বলেননি বলে স্বীকার করেন। তবে একই সঙ্গে কাজ করার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, “গত দেড় বছর এখন অতীত। কিন্তু আপনি কখনোই বলতে পারেন না যে আর কখনোই না।” বিশ্বকাপের পর মারাদোনার বিদায় সম্পর্কে তিনি বলেন, “তিনি থেকে যেতে পারতেন। কিন্তু তিনি তার সব টেকনিক্যাল স্টাফকে রেখে দিতে চেয়েছিলেন। আর আমরা তা মেনে নিতে পারিনি। সে সময় মারাদোনা বলেছিলেন, ‘তারা সবই থাকবেন, নইলে আমরা কেউ থাকবো না।’ জবাবে আমরা জানতে চাই, ‘সবাই?” এরপর জানিয়ে দেই, ‘সম্ভব নয়।’ এবং তিনি চলে গেলেন।” বিলার্দোর প্রশিক্ষণে ও মারাদোনার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কিন্তু এরপর থেকে দু’জনের সম্পর্কে তিক্ত হয়ে পড়ে। জাতীয় দলের কোচ হিসিবে চুক্তি নবায়ন না করার পর মারাদোনা দাবি করেন, এএফএ সভাপতি হুলিও গ্রোন্দোনা তাকে মিথ্যা কথা বলেছেন। আর বিশ্বসঘাতকতা করেছেন বিলার্দো। মারাদোনার পর আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্ব দেয়া হয় সার্জিও বাতিস্তাকে। কিন্তু কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে স্বাগতিক আর্জেন্টিনার বিদায়ের পর বিদায় নিতে হয় তাকেও। তার স্থলাভিষিক্ত হন বর্তমান কোচ আলেহান্দ্র সাবেইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৭ ঘ.