ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংহাই শেনহুয়ার সঙ্গে পাল্লা দিয়ে ফুটবলার কেনার হাটে নেমেছে চীনের সুপার লিগ চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্র্যান্ড। দলটি চেষ্টা করছে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবাকে দলে টানার।
এরই মধ্যে সাংহাই শেনহুয়া চীনে নিয়ে গেছে নিকোলাস আনেলকাকে।
ইয়াংচেং ইভনিং নিউজ জানায়, সাংহাইয়ের নতুন এই ‘ফায়ার পাওয়ার’কে মোকাবিলা করার জন্য গুয়াংঝুরও দরকার একই মানের কিংবা তার চেয়ে শক্তিশালী ‘ফায়ার পাওয়ার’। তাই তারাও আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের আগেই দ্রগবাকে চীনে নিয়ে যেতে চাইছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় এই ক্লাবটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
আনেলকাকে কেনার পাশাপাশি সাংহাই দলের দায়িত্ব তুলে দিয়েছে ফরাসী কোচ জাঁ তিগানার হাতে।
সপ্তাহে প্রায় দুই লাখ পাউন্ড পাবেন ৩২ বছর বয়সী আনেলকা। তবে এ ব্যাপারে মুখ খোলেনি ক্লাব কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৪ ঘ.
bdnews24