২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারবাতভের হ্যাট্রিকে সিটিকে ধরে ফেললো ম্যান ইউ

দিমিতার বারবাতভের হ্যাট্রিকের ওপর ভর করে সোমবার উইগ্যান অ্যাথলেটিককে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ধরে ফেলেছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে। দলটি গোলশূন্য ড্র করে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিমিতার বারবাতভের হ্যাট্রিকের ওপর ভর করে সোমবার উইগ্যান অ্যাথলেটিককে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ধরে ফেলেছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে। দলটি গোলশূন্য ড্র করে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির শিরোপা জয়ের আশায় পানি ঢেলে দিয়েছে প্রতিবেশি ফুলহ্যাম। ১-১ গোলে ড্র করে তারা আন্দ্রে ভিলাস বোয়াসের দলের সঙ্গে। এটি চেলসির টানা তৃতীয় ড্র। খেলার ৪৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ে তীব্র শট নেন জুয়ান মাতা। বল ঠিকানা খুঁজে নেয় জালে। ঠিক নয় মিনিট পর খেলায় সমতা ফেরান ফুলহ্যামের ক্লিন্ট ডেম্পসি। প্রতিপক্ষের গোলপোস্টের ঠিক সামনে চমৎকার বল বানিয়ে দেন ব্রায়ান রুইজ। এত কাছ থেকে জালে বল পাঠাতে অসুবিধা হওয়ার কথা নয় কারো। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ও দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে দুই গোল করেন বারবাতভ। হ্যাট্রিক আদায় করেন ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে। এর আগে খেলা শুরুর আট মিনিটে দলকে এগিয়ে নেন জি-সুং পার্ক। অপর গোলটি আসে অ্যান্টোনিও ভালেন্সিয়ার পা থেকে ৭৫ মিনিটে। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে অতিথি দলের কনোর স্যামনকে বেরিয়ে যেতে হয় মাঠ থেকে। সিটি ও ইউনাইটেড, দুই দলেরই পয়েন্ট ১৮ খেলায় ৪৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই রয়ে গেছে সিটি। তৃতীয় টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৫। তবে দুই খেলা হাতে আছে দলটির। মঙ্গলবার অতিথি হয়ে খেলতে যাবে তারা নরউইচ সিটি। খেলার শুরুতে সিটি ও ইউনাইটেডের মধ্যে গোল ব্যবধান ছিল ১০। পাঁচ গোলে জেতায় ইউনাইটেড ব্যবধান পাঁচে কমিয়ে আনলো। এর আগের খেলাতে ফুলহ্যামকেও একই ব্যবধানে হারায তারা। শেষ চার খেলায় ইউনাটেড গোল করেছে ১৬টি। খেয়েছে মাত্র একটি। লিভারপুল ও ব¬্যাকবার্ন রোভার্সের মধ্যে দিনের অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩২ ঘ.