ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার তরুণী ও দেহরক্ষীসহ গাড়িতে করে শনিবার ভোরে রিও ডি জেনেইরোর একটি নাইট ক্লাব থেকে ফিরছিলেন করিন্থিয়ান্সের আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো। সে সময় গাড়ির ভেতর গুলিতে আহত হন ওই চার তরুণীর একজন।
আহত তরুণী আদ্রিয়ানে সিরিলো দোস পিনটোসকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় সঙ্গে সঙ্গে। গুলি তার হাতে লাগে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা ঘটনার কথা স্বীকার করলেও বিস্তারিত কোনো কিছু জানাতে পারেননি। গুলির ঘটনাটি কিভাবে ঘটেছে তাও তিনি বলতে পারেননি। তবে তিনি বলেন, এ ব্যাপারে আদ্রিয়ানোকে জজ্ঞাসাবাদ করা হয়নি।
পরে পিনটোস জানান, গাড়ির পেছনের আসনে বসে একটি পিস্তল নিয়ে নাড়াচাড়া করছিলেন আদ্রিয়ানো। সে সময় হঠাৎ পিস্তলটি থেকে গুলি বেরিয়ে যায়।
কিন্তু আদ্রিয়ানো তরণীর বক্তব্য স্রেফ উড়িয়ে দেন। বলেন, “আমি ছিলাম সামনের আসনে। পিস্তলের গুলিটি এসেছে পেছনের আসন থেকে।
পিনটোস এখন ভালো আছেন। তবে তার হাতে অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৪ ঘ.
bdnews24