ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হচ্ছে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্ব । উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী-কক্সসিটি এসসি এবং ওয়ারী ক্লাব-বিয়ানীবাজার এসসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচটি বেলা আড়াইটায় এবং দ্বিতীয়টি শুরু হবে বিকেল সোয়া ৫টায়।
১২টি দলের অংশগ্রহণে বাছাই পর্ব হবে নকআউট ভিত্তিতে। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে উঠবে ৫টি দল।
প্রথমে ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি দল। এখান থেকে চারটি দল সরাসরি চূড়ান্ত পর্বে চলে যাবে। আর বিয়ানীবাজার-ওয়ারী এবং বাংলাদেশ সেনাবাহিনী-বিকেএসপি ম্যাচের দুই বিজয়ী দল আরেকটি ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীরা শেষ দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠবে।
চূড়ান্ত পর্বে অংশ নেবে ১৬টি দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ এবং বাছাই পর্বের পাঁচটি দল চারটি গ্র“পে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে চূড়ান্ত পর্ব শুরু হওয়ার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। সম্ভাব্য তারিখ ২ অথবা ৩ জানুয়ারি।
এবারের ফেডাশেন কাপের চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে পাবে ৫ লাখ টাকা। রানার্সআপ দলের অর্থ পুরস্কার ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়কে দেয়া হবে ২৫ হাজার টাকা করে।
বাছাই পর্বের ১২টি দল: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, উত্তর বারিধারা ক্লাব, বিয়ানী বাজার এসসি, অগ্রণী ব্যাংক এসসি, চট্টগ্রাম আবাহনী, কক্সসিটি এসসি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৪৬ঘ.
bdnews24