ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিকেও বিদায় নিতে হচ্ছে বলে ইংগিত দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের ভাইস প্রেসিডেন্ট বাদল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এক বছরের চুক্তিতে গত জুনে ইলিয়েভস্কিকে নিয়োগ দেয় বাফুফে। তিনি ঢাকায় আসেন ২৪ জুন।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেসিডোনীয় এই কোচ। তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে ড্র করে প্রথম পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হারে ১-০ গোলে। আর তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়।
দলের এই ফলাফলে দায়িত্ব পাওয়ার মাত্র ৬ মাসের মাথায় ইলিয়েভস্কির বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
কোচ অবশ্য বাজে ফলের জন্য বরাবরই বাফুফেকে দুষেছেন। তিনি বলেছেন, “দলের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সময় পাইনি আমি। তাছাড়া ফুটবলারদের কাছ থেকেও আমি পূর্ণ সহযোগিতা পাইনি। তাই প্রত্যাশা অনুযায়ী ফলও পাওয়া সম্ভব হয়নি।”
বাফুফে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিলে এক বছরের মাথায় দুই দফা কোচ পরিবর্তন হবে বাংলাদেশ ফুটবল দলের। এর আগে ক্রোয়েশীয় কোচ রবার্ট রুবচিচ কাউকে কিছু না বলেই নিজ দেশে ফিরে যান।
বাফুফের বর্তমান কমিটির প্রায় সাড়ে তিন বছরের মেয়াদে আর আগেও দুই কোচকে বিদায় নিতে হয়েছে। ব্রাজিলীয় কোচ এডসন সিলভা ডিডো এবং সার্বীয় জোরান দর্দেভিচকে নির্ধারিত সময়ের আগেই ছাঁটাই করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১১৩৫ ঘ.
bdnews24