২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

যতোটা সহজে বায়ার্ন মিউনিখকে জয় ধরা দেবে বলে মনে করা হয়েছিল, ততোটা সহজে দেয়নি। দ্বিতীয় বিভাগের দল বোখামকে মঙ্গলবার ২-১ গোলে তারা হারিয়েছে ঠিকই, তবে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। জয়সূচক গোলটি আসে আরিয়েন রোবেনের পা থেকে। সেই সঙ্গে দলটি উঠে যায় জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যতোটা সহজে বায়ার্ন মিউনিখকে জয় ধরা দেবে বলে মনে করা হয়েছিল, ততোটা সহজে দেয়নি। দ্বিতীয় বিভাগের দল বোখামকে মঙ্গলবার ২-১ গোলে তারা হারিয়েছে ঠিকই, তবে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। জয়সূচক গোলটি আসে আরিয়েন রোবেনের পা থেকে। সেই সঙ্গে দলটি উঠে যায় জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকার শীর্ষ দল ফরচুনা ডাসেলডর্ফকে হারিয়ে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে নির্ধারিত সময়ের গোলে নয়, পেনাল্টি ‘শুট-আউট’য়ে ৫-৪ গোলে হারিয়ে। অবশ্য অতিরিক্ত সময়ের প্রায় পুরোটাই ডর্টমুন্ডকে খেলতে হয় দশজনকে নিয়ে। জিওভান্নি ফেদরিকোর ২৬ মিনিটের গোলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। এর ফলও পায় তারা ৫২ মিনিটে। বায়ার্নকে খেলায় ফেরান টনি ক্রুস। এরপর সমান তালে লড়ে যেতে থাকে বোখাম। তবে শেষের দিকে আর কুলিয়ে উঠতে পারেনি। ফ্রাঙ্ক রিবেরির কাছ থেকে বল পেয়ে খেলার যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন রোবেন। বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি বেঁচে গেলেও রক্ষা পায়নি নুরেমবার্গ। ঘরের মাঠেই হার মানতে হয় দ্বিতীয় বিভাগের দল গ্রিউটার ফুয়ের্টের কাছে ১-০ গোলে। তারওপর খেলার ৬৬ মিনিট থেকে দশজনকে নিয়ে খেলতে হয়েছিল অতিথিদের। গোলটি আসে অ্যাডগার প্রিবের পা থেকে, খেলার ১৫ মিনিটে। রাতের অন্য খেলায় হফেনহেইম ২-১ গোলে জেতে অগসবুর্গের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৬ ঘ.