ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আতালান্তার সাবেক অধিনায়ক ও ইতালির মিডফিল্ডার ক্রিস্টিয়ানো দোনিসহ ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার পুলিশ এক বিবৃতিতে জানায়, সিঙ্গাপুর ও পুর্ব ইউরোপের একাধিক অপরাধী দলের সঙ্গে যোগসাজশ করে ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
‘লাস্ট বেট’ নামে পরিচালিত এই অভিযান ইতালির বেশ কয়েকটি শহরে চালানো হয়েছে।
ইতালির খেলাধুলা বিষয়ক কর্তৃপক্ষ এ বছরের শুরুতে দোনিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বরখাস্ত ও নিষিদ্ধ করে। তার ভিত্তিতেই এই তদন্ত কার্যক্রম চালানো হয়।
গত বছর দ্বিতীয় বিভাগ ফুটবলে আতালান্তার শেষ দুটি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
দ্বিতীয় বিভাগের সাবেক ও বর্তমান আরো কয়েক জন খেলোয়াড়কেও গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৫ঘ.
bdnews24